
কোভিড মোকাবিলায় আজ থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ শুরু হয়েছে। এই আবহে সোমবার সকালেও প্রাতভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রাজ্য রাজনীতি থেকে ত্রিপুরা হয়ে বাংলরা করোনা পরিস্থিতি সব নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
রাজ্যে কড়া বিধিনিষেধ
কোভিড মোকাবিলায় রবিবারই কড়া বিধিনিষেধ জারির ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ বলছেন, সব বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতিকেও বাঁচাতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতামত নিয়েই বাংলার করোনা পরিস্থিতির মোকাবিলার কথা বলেন তিনি।
রাজ্যে হাসপাতালের পরিস্থিতি
গত সপ্তাহে রাজ্যে ব্যাপক ভাবে ছড়িয়েছে করোনা সংক্রমণ। এর জন্য রাজ্য সরকারকেই দায়ি করেছেন দিলীপ ঘোষ। রাজ্যের হাসপাতালগুলি থেকে করোনা ওয়ার্ড তুলে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
পুরভোট ও করোনা
বিজেপি বরাবরই রাজ্যে একদিনে পুরভোট চেয়েছিল, কিন্তু রাজ্য সরকারই তাতে সম্মত হয়নি। এই আবহে রাজ্য সরকার পুরভোট করাতে চাইছে না বলেই অভযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। এই পরিস্থিতিতে আগামী ২২ তারিখের পুরভোট রাজ্য বন্ধ না করে দেয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ।
ত্রিপুরায় অভিষেক
রবিবার ত্রিপুরায় গিয়ে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তৃণমূল বিজেপিকেই অনুসরণ করছে বলে মন্তব্য তাঁর। তৃণমূল নেতাদের মন্দিরে যাওয়ার বিষয়টি নিয়েও খোঁচা দেন তিনি।