
মডেল শ্যুটের জন্য ছবি তুলেছিলেন এক তরুণী। আর সেই সময়ে তোলা কিছু ছবি দিয়ে রীতিমত ব্ল্যাকমেইল করা হচ্ছিল ওই মডেলকে। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখান হচ্ছিল। এই ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত জয়শ্রী মিশ্র ও প্রতার ঘোষকে আজ বিধাননগর মহকুমা আদালত তোলা হবে।
জানা যাচ্ছে জয়শ্রী মিশ্র পেশায় মেকআপ আর্টিস্ট। আর প্রতাপ ঘোষ ফটোগ্রাফার। জয়শ্রীর বাড়ি দমদমে। প্রতাপের রাণাঘাটে। কয়েকদিন আগে সল্টলেকের একটি স্টুডিওতে এক মডেলের ফটোশ্যুট করেন দু'জনে। অভিযোগ কিছুদিন পর ফোটোশ্যুটের ছবি পর্ন সাইটে ভাইরাল হয়েছে বলে ওই মডেল জানতে পারেন। তাঁকে রীতিমত ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে অভিযোগ মডেলের। আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখান হয়। মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ওই মডেলের থেকে।
এরপর ওই মডলে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। ১৯ জুলাই অভিযোগ দায়ের করেন তিনি। শনিবার রাতে রানাঘাট থেকে অভিযুক্ত প্রতাপ ঘোষকে ও আজ সকালে দমদম ক্যান্টনমেন্ট থেকে জয়শ্রীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ধৃত দু'জনের অভিযোগ প্রতিহিংসার বসেই তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন ওই মডেল। ঘটনার পেছনে আসল কারণ কি? এর পেছনে কোনও চক্র জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।