
মহালয়ার আগেই শ্রীভূমি ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন সেই সংখ্যা ছাড়িয়েছিল ২৫০। কলকাতা ও জেলার অনেক পুজোর উদ্বোধন করেছিলেন। আজ সোমবারও প্রায় এক ডজন দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত খিদিরপুর, বেহালা অঞ্চলের বিভিন্ন ঠাকুরের উদ্বোধন করবেন তিনি। তালিকায় রয়েছে, খিদিরপুর ২৫ পল্লি, খিদিরপুর ৭৪ পল্লি, বেহালা নতুন দল,বরিশা ক্লাব, অজয় সংহতি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মাতা,আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ। এই সব পুজোগুলোর আজই উদ্বোধনের কথা।
প্রসঙ্গত, মহালয়ার দিনই কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী কয়েকদিন তিনি ভার্চুয়ালি জেলার পুজোগুলোর উদ্বোধন করতে পারেন।
তবে আজ যে পুজোগুলোর উদ্বোধন করবেন, সেইগুলো আজ থেকেই দর্শকরা দেখতে পাবেন কি না দেখা জানা যায়নি। তবে মহালয়ার আগেই তিনি শ্রীভূমির পুজোর উদ্বোধন করেছিলেন, সেই পুজো দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, করোনার জন্য গত ২ বছর ধরে সেভাবে ঠাকুর দেখতে পারেনি সাধারণ মানুষ। তবে এবার করোনার বিধিনিষেধ কার্যত শিথিল। তাই পুজো দেখার জন্য মুখিয়ে রয়েছে সবাই।