
Gajar Phirni Recipe: মিষ্টি খেতে ভালোবাসেন, আবার ঘরোয়া স্বাদও চান? তাহলে এই গাজর–চালের ফিরনি আপনার জন্য আদর্শ। নরম, ক্রিমি আর সুগন্ধে ভরপুর এই ডেজার্ট খুব সহজেই বানানো যায় বাড়িতে। বিশেষ কোনও অনুষ্ঠান হোক বা ছুটির দিন, অল্প উপকরণেই তৈরি করা সম্ভব এই সুস্বাদু ফিরনি।
প্রথমে আধা কেজি মিহি করে কোরানো গাজর ২ টেবিল চামচ ঘি-তে হালকা ভেজে নিতে হবে। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট নেড়ে ভাজুন, যাতে কাঁচা গন্ধ চলে যায়। অন্যদিকে ২ থেকে ৩ টেবিল চামচ বাসমতি বা গোবিন্দভোগ চাল আধঘণ্টা ভিজিয়ে রেখে সামান্য জল দিয়ে দানা দানা পেস্ট করে নিন।
এরপর ১ থেকে ১.৫ লিটার ফুল ক্রিম দুধ ফুটিয়ে কিছুটা ঘন করুন। ঘন দুধের মধ্যে চালের পেস্ট মিশিয়ে ভালো করে নেড়ে নিন, যাতে দলা না বাঁধে। দুধ ফুটতে শুরু করলে তাতে ভাজা গাজর মিশিয়ে দিন। ধিমে আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হতে শুরু করলে স্বাদমতো চিনি বা ২ কাপ কনডেন্সড মিল্ক দিন।
সবশেষে অর্ধ চা চামচ এলাচ গুঁড়ো ও এক চিমটি জাফরান মিশিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে ফিরনি আরও ঘন হয়ে আসবে। পরিবেশনের আগে কাজু, কিসমিস ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। ফ্রিজে অন্তত ২ ঘণ্টা রেখে ঠান্ডা করে মাটির ভাঁড় বা বাটিতে পরিবেশন করলে স্বাদ হবে আরও রাজকীয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, রান্নার সময় সমানে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর চাল পুরো মিহি না করে সামান্য দানা রাখলে ফিরনির টেক্সচার আরও ভালো হয়।