
Smoky BBQ Sauce At Home: ঘরে হোক বা বাইরে, বারবিকিউ সস মানেই আলাদা একটা স্বাদ। স্ন্যাকস, মোমো, চাইনিজ খাবার কিংবা চিকেন-ফিশ বারবিকিউ। সবেতেই এই সসের কদর আকাশছোঁয়া। তবে বাজারের বারবিকিউ সস যেমন দামি, তেমনই অনেক সময় অতিরিক্ত প্রিজারভেটিভে ভরা। তাই চাইলে খুব সহজেই ঘরোয়া উপায়ে মাত্র ২ মিনিটে তৈরি করা যায় স্মোকি ফ্লেভারের বারবিকিউ সস।
রান্নার জন্য আলাদা ঝক্কি নেই। কয়েকটি সাধারণ উপকরণ একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সস। সবচেয়ে ভালো দিক, নিজের স্বাদ অনুযায়ী টক-মিষ্টি-ঝাল নিয়ন্ত্রণ করা যাবে।
বারবিকিউ সস তৈরির মূল উপকরণ
টমেটো কেচাপ বা পিউরি দেড় কাপ, আপেল সিডার ভিনেগার বা সাদা ভিনেগার আধ কাপ, ব্রাউন সুগারস বা মধু আধ কাপের কম-বেশি, সয়া সস দুই টেবিল চামচ, রসুন বাটা এক থেকে দুই চা চামচ, পাপরিকা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক থেকে দুই চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ এবং স্বাদমতো লবণ।
স্বাদ বাড়াতে ঐচ্ছিক উপকরণ
সরিষা বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ গুঁড়ো এক চা চামচ এবং স্মোকি ফ্লেভার বাড়াতে লিকুইড স্মোক থাকলে এক চা চামচ।
২ মিনিটে বানানোর সহজ পদ্ধতি
একটি ছোট পাত্রে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর মাঝারি আঁচে ১-২ মিনিট ফুটিয়ে নিলেই সস ঘন হয়ে যাবে। স্বাদ দেখে প্রয়োজন হলে লবণ বা মিষ্টি সামান্য বাড়াতে পারেন। ঠান্ডা হলে কাঁচের বোতলে ভরে ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকবে।
স্পেশাল টিপস
আরও স্মোকি স্বাদ পেতে চাইলে রান্নার শেষে সামান্য লিকুইড স্মোক যোগ করুন। এই সস চিকেন, মাছ, পনির বারবিকিউ থেকে শুরু করে বার্গার ও মোমোর সঙ্গেও দারুণ মানিয়ে যায়।