
Cooking Tips: বাড়িতে চিকেন রান্না করলেও অনেক সময় সেই ‘হোটেল-স্টাইল’ স্বাদ পাওয়া যায় না। এমন অভিযোগ বহু রাঁধুনির। অথচ সামান্য কিছু সিক্রেট জানলেই ঘরোয়া রান্নাতেই আসতে পারে রেস্তোরাঁর মতো স্বাদ ও গন্ধ। রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে অন্যতম হল ম্যারিনেশন। সঠিক ভাবে ম্যারিনেট করা হলে চিকেন হয় নরম, রসালো এবং স্বাদে ভরপুর। কী ভাবে করবেন এই ম্যারিনেশন? জেনে নিন সহজ পদ্ধতি।
ম্যারিনেশন না করলেই ঠকবেন
ম্যারিনেশন আসলে এমন একটি প্রক্রিয়া, যেখানে মশলা, দই, লেবুর রস বা অন্যান্য উপকরণের সঙ্গে চিকেন কিছু সময় ভিজিয়ে রাখা হয়। এর ফলে মশলার স্বাদ মাংসের ভিতরে ঢুকে যায়। পাশাপাশি মাংস নরম হয় এবং রান্নার সময় তা শুকিয়ে যায় না। বিশেষজ্ঞদের মতে, ভাল ম্যারিনেশনই হোটেল-স্টাইল স্বাদের মূল চাবিকাঠি।
কী কী লাগবে?
চিকেন ম্যারিনেট করতে সাধারণত দই, আদা-রসুন বাটা, লেবুর রস, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা এবং সামান্য তেল ব্যবহার করা হয়। অনেক সময় স্বাদ বাড়াতে কাসুরি মেথি বা বাটারও যোগ করা হয়। এই উপকরণগুলি সঠিক অনুপাতে মেশানোই আসল কৌশল।
কীভাবে ম্যারিনেশন করবেন?
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর একটি বড় পাত্রে সমস্ত মশলা ও দই মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণে চিকেন টুকরোগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নিন, যাতে প্রতিটি টুকরোয় মশলা ঢুকে যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখা উচিত। তবে সম্ভব হলে ৬-৮ ঘণ্টা বা সারা রাত ফ্রিজে রেখে দিলে স্বাদ আরও বাড়ে। এতে মশলার প্রভাব অনেক বেশি গভীর হয়।
বোনাস টিপস
রান্নার আগে ম্যারিনেট করা চিকেন ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রাখুন। এতে রান্না সমানভাবে হবে। রান্নার সময় বেশি নাড়াচাড়া না করে ঢেকে রাখলে চিকেন আরও রসালো থাকে।
অনেকে ম্যারিনেশনের সময় সামান্য সর্ষের তেল বা মাখন ব্যবহার করেন, এতে স্বাদ বাড়ে এবং চিকেনের উপর হালকা ক্রিস্পি লেয়ার তৈরি হয়। হোটেলের মতো চিকেন বানানোর রহস্য লুকিয়ে রয়েছে সঠিক ম্যারিনেশনে। অল্প কিছু নিয়ম মেনে চললেই বাড়ির রান্নাতেও মিলবে রেস্তোরাঁর স্বাদ। এবার নিজের রান্নাঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন, আর চমকে দিন পরিবারকে।