Advertisement

Bottle Gourd Summer Recipe: চৈত্র-বৈশাখের গরমে শরীর ঠান্ডা রাখবে ‘লাউয়ের তিলমোহিনী’, বানালেই কামাল

Bottle Gourd Summer Recipe: আজ রইল সাদা তিল আর মুচমুচে বড়ির মেলবন্ধনে তৈরি সুস্বাদু নিরামিষ রেসিপি (Lau Til Mohini_। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না।

লাউয়ের রেসিপিলাউয়ের রেসিপি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Mar 2026,
  • अपडेटेड 11:32 PM IST

Bottle Gourd Summer Recipe: চৈত্র বা বৈশাখের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে বাঙালির রান্নাঘরে লাউয়ের কদর আলাদা। লাউয়ের অধিকাংশ অংশই জল, ফলে এটি শরীরকে ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং গরমের ক্লান্তি দূর করতে বিশেষ কার্যকর। সাধারণত লাউ দিয়ে ডাল, ঘণ্ট বা তরকারি তৈরি হলেও একটু ভিন্নভাবে রান্না করলে এই সাধারণ সবজিই হয়ে উঠতে পারে অসাধারণ স্বাদের পদ।

আজ রইল সাদা তিল আর মুচমুচে বড়ির মেলবন্ধনে তৈরি সুস্বাদু নিরামিষ রেসিপি (Lau Til Mohini_। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না।

উপকরণ
১টি ছোট লাউ (সরু করে কাটা), ১০–১২টি ডালের বড়ি, ৪–৫ টেবিল চামচ সাদা তিল, ১ ইঞ্চি আদাবাটা, হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন, ১-২ টেবিল চামচ চিনি, কাঁচালঙ্কা (স্বাদ অনুযায়ী), সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে (ফোড়নের জন্য)

রেসিপি
ধাপ ১: প্রথমে লাউ সরু করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে ডালের বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিন। পরে সেগুলো হালকা করে ভেঙে আলাদা করে রাখুন।

ধাপ ২: একই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিন। তারপর আদাবাটা দিয়ে হালকা করে কষিয়ে নিন।

ধাপ ৩: এবার কাটা লাউ কড়াইতে দিয়ে দিন। সঙ্গে নুন, হলুদ ও কয়েকটি কাঁচালঙ্কা দিন। আঁচ কমিয়ে ঢেকে রাখুন। লাউ থেকে যে জল বেরোবে, তাতেই ধীরে ধীরে রান্না হয়ে যাবে।

ধাপ ৪: অন্যদিকে সাদা তিল একটি শুকনো প্যানে হালকা ভেজে নিন। তারপর কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন।

ধাপ ৫: লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তাতে স্বাদমতো চিনি মেশান। এরপর তিলের বাটা দিয়ে মাঝারি আঁচে ৫–৭ মিনিট রান্না করুন।

ধাপ ৬: সবশেষে ভাজা বড়ি ছড়িয়ে দিয়ে আরও ২ মিনিট নাড়িয়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে এই নিরামিষ পদটি পরিবেশন করলে অন্য কোনও তরকারির প্রয়োজনই হবে না। সাদা তিলের মোলায়েম স্বাদ আর মুচমুচে বড়ির টেক্সচারে তৈরি লাউয়ের তিলমোহিনী সহজেই জায়গা করে নেবে আপনার রান্নাঘরের বিশেষ রেসিপির তালিকায়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement