Advertisement

Patal Chingri Dolma Recipe: পটল অতীত, হেঁশেলে বানান জিভে জল আনা লঙ্কা-চিংড়ির দোলমা

Patal Chingri Dolma Recipe: বৃষ্টির বিকেল হোক বা ছুটির দুপুরের স্টার্টার, এই পদটি পাতে পড়লে নিমেষেই হাওয়া হয়ে যাবে প্লেট। খুব কম তেলে স্বাস্থ্যকর উপায়ে কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ? দেখে নিন সহজ সুলুকসন্ধান।

পটল অতীত, হেঁশেলে বানান জিভে জল আনা লঙ্কা-চিংড়ির দোলমাপটল অতীত, হেঁশেলে বানান জিভে জল আনা লঙ্কা-চিংড়ির দোলমা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 7:11 PM IST

Patal Chingri Dolma Recipe: রোজকার সেই একঘেয়ে চিংড়ির মালাইকারি কিংবা চচ্চড়ি আর কতদিন? এবার পাতে আসুক একটু সাহেবি মেজাজ। বড় লঙ্কার ভেতর চিংড়ির পুর, যাকে বলে 'চিংড়ি লঙ্কার দোলমা'। বৃষ্টির বিকেল হোক বা ছুটির দুপুরের স্টার্টার, এই পদটি পাতে পড়লে নিমেষেই হাওয়া হয়ে যাবে প্লেট। খুব কম তেলে স্বাস্থ্যকর উপায়ে কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ? দেখে নিন সহজ সুলুকসন্ধান।

কী কী লাগবে?
দেড়শো গ্রাম চিংড়ি মাছের কিমা, আচারি বড় লঙ্কা, কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, কুচোনো পেঁয়াজপাতা, আদা-রসুন কুচি, ডিম ও বিস্কুটের গুঁড়ো।

রেসিপি
প্রথমে বড় লঙ্কাগুলি মাঝখান থেকে চিরে ভেতরের দানা ও সাদা অংশ বের করে সাফ করে নিন। এবার একটি পাত্রে চিংড়ির কিমার সঙ্গে দু’চামচ কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, পেঁয়াজপাতা ও আদা-রসুন কুচি দিয়ে ঠাসিয়ে মেখে নিন। তৈরি হয়ে গেল দোলমার পুর।

এরপর লঙ্কার পেটে ঠাসা করে এই পুর ভরে দিন। বাড়তি মুচমুচে স্বাদ পেতে পুর ভরা লঙ্কাটি প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে ঢিমে আঁচে লঙ্কাগুলি ভাজতে থাকুন। মিনিট পাঁচেক পর যখন লঙ্কার গায়ে হালকা পোড়া দাগ ধরবে, তখন উল্টেপাল্টে নামিয়ে নিন।

বিশেষ পরামর্শ
যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁরা ডুবো তেলের বদলে শ্যালো ফ্রাই করুন। বিস্কুটের গুঁড়োর বদলে ওটসের গুঁড়ো ব্যবহার করলে এটি যেমন মুচমুচে হবে, তেমনই হবে পুষ্টিকর। ব্যস, বিকেলের জলখাবারে সস কিংবা কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করুন 'চিংড়ি লঙ্কার দোলমা'।

 

Read more!
Advertisement
Advertisement