
রোজকার খাবারে রুটি অনেকেরই প্রিয়। কিন্তু বাড়িতে রুটি বানাতে গিয়ে প্রায়ই অভিযোগ ওঠে; রুটি শক্ত হয়ে যাচ্ছে, ফুলছে না বা নরম থাকছে না। অথচ সামান্য কিছু নিয়ম মেনে আটা মাখলেই রুটি হতে পারে একেবারে নরম, ফুলকো এবং সুস্বাদু। রান্নাঘরের এই ছোট্ট কৌশলই বদলে দিতে পারে আপনার প্রতিদিনের খাবারের মান।
রুটি ভালো হওয়ার প্রথম শর্তই হল আটা মাখার সঠিক পদ্ধতি। অনেকেই তাড়াহুড়ো করে আটা মেখে ফেলেন, ফলে তা শক্ত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, আটা মাখার সময় ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে তাতে অল্প অল্প করে জল মেশাতে হবে। একসঙ্গে বেশি জল ঢেলে দিলে আটা ঠিকমতো মাখা যায় না।
আটা মাখার সময় হালকা কুসুম গরম জল ব্যবহার করলে রুটি অনেক বেশি নরম হয়। জল একটু একটু করে মিশিয়ে হাতে চেপে মেখে নিতে হবে। আটা খুব বেশি শক্ত বা খুব নরম হওয়া চলবে না; মাঝামাঝি মোলায়েম টেক্সচার হওয়াই আদর্শ। মাখার সময় ৮-১০ মিনিট ধরে আটা ভালো করে চেপে মাখলে গ্লুটেন তৈরি হয়, যা রুটিকে নরম ও ফুলকো করতে সাহায্য করে।
অনেকেই আটা মাখার সময় সামান্য তেল বা ঘি মেশান। এতে আটা আরও মসৃণ হয় এবং রুটি নরম থাকে। তবে খুব বেশি তেল দেওয়া ঠিক নয়। মাখা হয়ে গেলে আটা ঢেকে অন্তত ১৫-২০ মিনিট রেখে দেওয়া জরুরি। এই ‘রেস্টিং টাইম’ আটা আরও নরম করে এবং রুটি বেলতে সুবিধা হয়।
রুটি বেলার সময়ও কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হালকা করে গোল করে বেলে নিতে হবে। খুব পাতলা বা খুব মোটা রুটি হলে তা ঠিকমতো ফুলবে না। বেলার সময় অতিরিক্ত শুকনো আটা ব্যবহার না করাই ভালো।
রান্নার সময় তাওয়া ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে এক পিঠ সেঁকে অন্য পিঠে উল্টে দিতে হবে। তারপর হালকা চাপ দিলে রুটি ফুলে উঠবে। চাইলে সরাসরি আগুনেও ফুলিয়ে নেওয়া যায়। তবে আঁচ মাঝারি রাখাই সবচেয়ে ভালো।
আরও একটি গুরুত্বপূর্ণ টিপস; রুটি সেঁকার পর সঙ্গে সঙ্গে ঢেকে রাখলে তা দীর্ঘক্ষণ নরম থাকে। খোলা অবস্থায় রাখলে দ্রুত শক্ত হয়ে যেতে পারে।
এই সহজ পদ্ধতিগুলি মেনে চললে প্রতিদিনের রুটিও হয়ে উঠবে একেবারে রেস্তরাঁর মতো; নরম, ফুলকো এবং সুস্বাদু। রান্নার ছোট্ট যত্নই এনে দিতে পারে বড় পরিবর্তন।