
দোল মানেই রংয়ের উচ্ছ্বাস আর উৎসবের আনন্দ। তবে রং খেলার পরে অনেক সময় ঘরের দেওয়ালে রংয়ের দাগ লেগে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। মেঝে বা বাথরুম পরিষ্কার করা তুলনামূলক সহজ হলেও দেওয়ালের রং তুলে ফেলা বেশ ঝামেলার কাজ। অনেকেই সাবান জল দিয়ে জোরে ঘষে দাগ তুলতে যান, কিন্তু এতে দেওয়ালের আসল রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সামান্য কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই সহজেই মিলতে পারে সমাধান।
প্রথমেই ব্যবহার করতে পারেন ভিনিগার। ঘরের দেওয়ালের দাগ তুলতে এটি অত্যন্ত কার্যকর একটি উপাদান। তিন কাপ জলের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর যেখানে রং লেগেছে সেখানে স্প্রে করে প্রায় ২০ মিনিট রেখে দিন। কিছুক্ষণ পর ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
জেদি দাগের ক্ষেত্রে বেকিং সোডা খুব ভালো কাজ করে। সামান্য বেকিং সোডা ও জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে রাখুন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ভিজে কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন। প্রয়োজনে এই মিশ্রণের সঙ্গে অল্প তরল সাবান যোগ করা যেতে পারে।
টুথপেস্টও হতে পারে সহজ সমাধান। সাদা টুথপেস্ট (জেল নয়) দাগ লাগা জায়গায় লাগিয়ে একটি পুরোনো ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। তারপর ভিজে তোয়ালে বা কাপড় দিয়ে মুছে ফেললেই দেওয়াল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, দেওয়ালের রং লাগা জায়গা কখনও জোরে ঘষবেন না। এতে দাগ ছড়িয়ে পড়তে পারে। হালকা গরম জলে সামান্য তরল সাবান মিশিয়ে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে আলতো করে চাপ দিয়ে পরিষ্কার করাই সবচেয়ে নিরাপদ উপায়। সাবান যেন খুব বেশি ক্ষারযুক্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
দোলের উৎসবের আনন্দের মাঝে সামান্য সচেতনতা থাকলেই ঘরের দেওয়াল থাকবে আগের মতোই ঝকঝকে।