
অনেক পুরুষই ভাবেন, সম্পর্ক কীভাবে আরও সুন্দর ও স্থায়ী করা যায়। আসলে বড় কিছু নয়, ছোট ছোট আচরণ, বোঝাপড়া আর দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তনই সম্পর্ককে মজবুত করতে পারে। এক পডকাস্টে সম্পর্ক বিশেষজ্ঞ ও লেখিকা সীমা আনন্দ পুরুষদের জন্য এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করেছেন।
১) সঙ্গীর ভিন্নতাকে মেনে নিন
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সঙ্গী আপনার মতো নাও হতে পারেন। 'আমি হলে এমন করতাম না' বা 'সে এমন ভাবছে কেন?', এই তুলনামূলক মানসিকতা বাদ দিন। প্রত্যেক মানুষের চিন্তা, অভ্যাস ও অনুভূতি আলাদা। তাকে বদলানোর চেষ্টা না করে, তার স্বভাব ও দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করুন। বোঝাপড়াই সুস্থ যোগাযোগের ভিত্তি।
২) ঝুঁকে পড়া দুর্বলতা নয়
অনেক পুরুষ মনে করেন, সম্পর্কের খাতিরে ছাড় দেওয়া মানেই দুর্বলতা। কিন্তু বাস্তবে, সম্পর্ক টিকিয়ে রাখতে কখনও কখনও নমনীয় হওয়া বুদ্ধিমানের কাজ। এটি আত্মসম্মান হারানো নয়; বরং সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বিনিয়োগ। সম্পর্ক ভালো থাকলে তার সুফল দু’জনেই পান।
৩) যোগাযোগের শক্তিকে কাজে লাগান
নারীরা সাধারণত যোগাযোগে বেশি বিস্তারিত পছন্দ করেন। অনেক পুরুষ মুখোমুখি কথা বলতে অস্বস্তি বোধ করেন, সেক্ষেত্রে টেক্সট বা মেসেজ হতে পারে কার্যকর মাধ্যম। নিজের অনুভূতি প্রকাশ করতে সংকোচ না করে ছোট ছোট বার্তায় ভালোবাসা জানানোও সম্পর্ককে গভীর করে। সঠিক সময়ে বলা একটি আন্তরিক বাক্য অনেক দূর এগিয়ে দেয়।
৪) নতুন আগ্রহ গড়ে তুলুন
কথোপকথনকে একঘেয়ে হতে দেবেন না। 'কিছুই না' বলে আলোচনা শেষ করলে সম্পর্ক প্রাণহীন হয়ে পড়ে। নতুন কিছু শিখুন, নতুন বিষয়ে আগ্রহ তৈরি করুন। আপনার দিনের অভিজ্ঞতা, নতুন ভাবনা বা শেখা বিষয় সঙ্গীর সঙ্গে ভাগ করুন। এতে সম্পর্ক প্রাণবন্ত থাকে।
৫) অনুমান নয়, সরাসরি কথা বলুন
সম্পর্কে ভুল বোঝাবুঝির বড় কারণ হলো অনুমান। মনে মনে ধারণা না করে সরাসরি জিজ্ঞাসা করুন, খোলামেলা কথা বলুন। অনেক সময় শুধু কথা বললেই অর্ধেক সমস্যা মিটে যায়। ধৈর্য ও শান্ত মনোভাব সম্পর্কের উত্থান-পতন সামলাতে সাহায্য করে।