Advertisement

Marriage At Toy Train: দার্জিলিংয়ে টয়ট্রেনে বিয়ে করবেন? এবার পাহাড়ের বাঁকে ডেস্টিনেশন ওয়েডিং

Marriage At Toy Train: আরও আকর্ষণ বাড়াতে টয়ট্রেনের মধ্যেই বিয়ের মতো অনুষ্ঠান আয়োজনের ভাবনাও করছে কর্তৃপক্ষ। পাশাপাশি, গরমের ছুটির আগে চারটি নতুন জয়রাইড পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চলবে

Toy TrainToy Train
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 4:41 PM IST

Marriage At Toy Train: ১৪৪ বছরের ইতিহাসে নজিরবিহীন সাফল্য দার্জিলিং হিমালয়ান রেলের। সর্বকালের সব রেকর্ড ভেঙে আয়ের নতুন মাইলফলক ছুঁয়েছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন। এই সাফল্যে খুশির হাওয়া পাহাড়জুড়ে, পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মুখে হাসি। এই ঐতিহাসিক সাফল্যের জন্য পর্যটনমহল, হোটেল ব্যবসায়ী ও পাহাড়বাসী সকলকে ধন্যবাদ জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল (DHR) কর্তৃপক্ষ।

আরও আকর্ষণ বাড়াতে টয়ট্রেনের মধ্যেই বিয়ের মতো অনুষ্ঠান আয়োজনের ভাবনাও করছে কর্তৃপক্ষ। চার্টার্ড ট্রেন ভাড়া করে বিয়ের অনুষ্ঠান করতে পারবেন। ট্রেনের প্যান্ট্রি থেকেই আগে থেকে অর্ডার করা খাবারের সুবিধাও পাবেন। সব মিলিয়ে পাহাড়ি পথের আঁকে বাঁকে বাঁধা হবে আপনার ভবিষ্যৎ জীবনের গাঁটছড়া।

পাশাপাশি, গরমের ছুটির আগে চারটি নতুন জয়রাইড পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত বেসরকারি উদ্যোগে হেরিটেজ টয়ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। চলতি গরমের মরশুমেই পাহাড়ের আঁকে-বাঁকে ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন ছুটতে দেখার অপেক্ষায় পর্যটকরা।

আরও পড়ুন

এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ডিএইচআর সর্বকালের সব রেকর্ড ভেঙে আয় করেছে। শুধু আয় নয়, দেশি ও বিদেশি পর্যটকদের আগমনেও নজিরবিহীন বৃদ্ধি দেখা গিয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালে ডিএইচআরের আয় হয়েছে ২৪.৬ কোটি টাকা, যেখানে ২০২৪ সালে আয় ছিল ২১.২ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি।”

পর্যটকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে যেখানে ১ লক্ষ ৭৪ হাজার পর্যটক টয়ট্রেন পরিষেবা নিয়েছিলেন, ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ২ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে। এই সাফল্যে ডিএইচআরের কর্মীদের মধ্যেও উৎসাহ বেড়েছে। পর্যটন সংগঠনগুলির মতে, টয়ট্রেনকে নতুনভাবে ব্র্যান্ডিং করার ফলেই এই সাফল্য এসেছে।

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “করোনার পর টয়ট্রেনকে নতুনভাবে তুলে ধরার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলেই আয় বেড়েছে। তবে পরিষেবাকে আরও স্বাভাবিক ও নিয়মিত রাখতে পাহাড়ে আরও সহযোগিতা প্রয়োজন।”

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement