পঞ্চায়েত ভোটের দিনেই জ্যাংড়া হাতিয়াড়ার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের 266 ও 267 নম্বর বুথে ব্যাপক ঝামেলার ছবি ধড়া পড়েছিল। ভোটের দিন এখানেই ব্যালট বক্স লুট করে পাশের ফাকা জায়গায় ও নর্দমার ভেতরে ফেলে দেওয়া হয়েছিল। গুলিও চলেছিল বলে অভিযোগ তোলে সিপিএম প্রার্থী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে ভোট আর নেওয়া সম্ভব হয়নি। সেই ছবি ধরা পড়েছিল আমাদের ক্য়ামেরায়। স্বাভাবিকভাবেই জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দুটি বুথে রিপোলিংয়ের নির্দেশ দেয় কমিশন। শাসক দলের উপরেই যাবতীয় অভিযোগ এলেছিল বিরোধীরা। সেই সব অভিযোগ ও সেদিনের পরিস্থিতি খতিয়ে দেখেই এই পঞ্চায়েতের 266 ও 267 নম্বর বুথে ফের ভোট নেওয়ার নির্দেশ দেয় কমিশন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। ফের যাতে একই পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। লাইনে যাতে কোনও গণ্ডগোল না হয় বহিরাগতরা যাতে কোনও ভাবে এই এলাকায় ঢুকতে না পারে সেই জন্য যাবতীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।