
Shani Rashifal April: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে মনে করা হয় কর্মফলের বিচারক। আমাদের প্রতিটি কাজের সুক্ষ্ম হিসেব রাখেন তিনি। শনির দৃষ্টিতে সামান্য পরিবর্তনও মর্ত্যের মানুষের জীবনে বিরাট ওলটপালট ঘটিয়ে দিতে পারে। আগামী ১৭ এপ্রিল থেকে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদ ছেড়ে চতুর্থ পদে প্রবেশ করতে চলেছেন।
এই নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি মহারাজ। নিজের নক্ষত্রেই এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার এই মাহেন্দ্রক্ষণে বিশেষ লাভবান হবেন চার রাশির জাতক-জাতিকারা। ১৭ এপ্রিল থেকে চার রাশির জাতকদের ভাগ্যে যে পরিবর্তন আসতে চলেছে।
মেষ রাশি: শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতি ঘটবে। দীর্ঘকাল ধরে আটকে থাকা বা পাওনা টাকা হঠাৎ করেই হাতে চলে আসতে পারে। যাঁরা কর্মক্ষেত্র পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁদের সামনে বড় কোনও বহুজাতিক সংস্থা থেকে লোভনীয় প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীরা বড় লগ্নির পথে হাঁটলে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পাবেন।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য ১৭ এপ্রিলের পর থেকে সময়টি আশীর্বাদের মতো। সরকারি দপ্তরে আটকে থাকা পুরনো ফাইল বা আইনি জটিলতা এবার দ্রুত গতিতে মিটে যাবে। সমাজে আপনার মান-মর্যাদা ও আধিপত্য বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে কোনও পবিত্র তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এছাড়া নিঃসন্তান দম্পতিদের জন্য সন্তান লাভের সুসংবাদ আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের সামনে সুখ ও সমৃদ্ধির নতুন দরজা খুলে দেবেন শনি মহারাজ। নতুন বাড়ি বা গাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। যাঁরা সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত এক করে পরিশ্রম করছেন, তাঁদের পরিশ্রমের সুফল মিলবে হাতেনাতে। দাম্পত্য কলহ মিটে গিয়ে পরিবারে শান্তির বাতাবরণ ফিরবে এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে দামী উপহার বা সম্পত্তি লাভের যোগ রয়েছে।
ধনু রাশি: শনির কৃপায় ধনু রাশির জাতকদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস চরমে থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজের ধরণ উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবে, এমনকি পদোন্নতির সম্ভাবনাও উজ্জ্বল হবে। বিপণন বা সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের কাজের জন্য বিশেষ সম্মান বা পদক পেতে পারেন। পুরনো পারিবারিক বিবাদ মিটে যাওয়ায় মানসিক শান্তি ফিরবে। কোনও গুরুত্বপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত আপনাকে ক্যারিয়ারের নতুন উচ্চতায় নিয়ে যাবে।