
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সিডনির পূর্বাঞ্চলে ইস্টার সানডে-র রাতে এই ঘটনা ঘটে। ওয়ার্নার এখন পাকিস্তান সুপার লিগে (PSL) Karachi Kings-এর হয়ে খেলছেন। দলের অধিনায়কও তিনিই।
কী ঘটেছিল?
নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ এপ্রিল রাত প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ সাউথ ডাউলিং স্ট্রিটে একটি র্যান্ডম ব্রেথ টেস্টের সময় ৩৯ বছর বয়সী ডেভিড ওয়ার্নারকে থামানো হয়। প্রাথমিক পরীক্ষায় তিনি পজিটিভ ধরা পড়েন। এরপর তাঁকে সুরি হিলস থানায় নিয়ে গিয়ে দ্বিতীয়বার ব্রেথ অ্যানালিসিস করা হয়।
আইনি সীমার দ্বিগুণ অ্যালকোহল
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্নারের শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪, যা অস্ট্রেলিয়ার নির্ধারিত আইনি সীমা ০.০৫-এর দ্বিগুণেরও বেশি। ফলে তাঁর বিরুদ্ধে “মিড-রেঞ্জ ড্রিংক ড্রাইভিং” বা PCA (Prescribed Concentration of Alcohol) অভিযোগ আনা হয়েছে। তাঁকে ৭ মে ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিতও করা হতে পারে।
ভ্রমণে নিষেধাজ্ঞা নেই
যদিও অস্ট্রেলিয়ার আইনে এই ধরনের অভিযোগে সাধারণত পাসপোর্ট জমা দেওয়া বা বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয় না। ফলে ওয়ার্নারের ওপর ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি দেশ ছেড়ে যেতে পারবেন।
PSL-এ ফিরছেন ওয়ার্নার
সূত্রের খবর, ইতিমধ্যেই PSL-এর সূচির মাঝে চার দিনের বিরতি নিয়ে সিডনিতে ফিরেছিলেন ওয়ার্নার। সেখানেই তিনি এই ঘটনা ঘটান। আগামী ৯ এপ্রিল Peshawar Zalmi-র বিরুদ্ধে ম্যাচ আছে তাঁর দলের। তার আগেই তিনি আবার করাচি কিংসে যোগ দেবেন।
এই ঘটনায় এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে যদি ওয়ার্নার আদালতে দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁকে ২২০০ ডলার জরিমানা করা হতে পারে। রয়েছে কারাদণ্ডের সম্ভাবনাও। নির্দিষ্ট সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হতেও পারে।