
ISL শুরুর আগে দারুণ ছন্দে ইস্টবেঙ্গল। প্রস্তুতি ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। গোল করলেন ডেভিড লালহানসাঙ্গা ও নন্দাকুমার। প্রথমার্ধেই দারুণ গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড। নিজের পুরোনো দলের বিরুদ্ধেই গোল করেন লাল-হলুদ স্ট্রাইকার। নন্দাকুমারের গোল আসে দ্বিতীয়ার্ধে। বিদেশি বিহীন মহমেডানের বিরুদ্ধে স্বাভাবিক ভাবেই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল।
ম্যাচে উত্তেজনা ছড়ায় মহম্মদ রাকিপ চোট পাওয়ায়। বলা ভাল তাঁকে ইচ্ছে করে মারায়। এই অপরাধে লাল কার্ড দেখতে হয় মহমেডানের । মাথা ফেটে যায় রাকিপের। উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও। তবে বড় কোনও ঘটনা ঘটেনি। ফলে ১০ জনে খেলতে হয় সাদা-কালো ব্রিগেডকে। তবে সীমিত ক্ষমতা নিয়েও তারা যে বেশি গোল খায়নি সেটাই স্বস্তি দেবে মহমেডান সমর্থকদের।
দ্বিতীয়ার্ধে ডান পায়ের জোরালো শটে গোল করেন নন্দা। তাঁকে পাস দেন মিগুয়েল ফিগুয়েরা। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার বলেন, 'দল তৈরি। কিছু ফুটবলরের চোট সমস্যা থাকলেও সমস্যা হবে না।'
দলে কিছুদিনের মধ্যেই ঢুকে পড়বেন নাওরেম মহেশ সিং। তিনি এলে দল আরও শক্তিশালী হবে তা বলাই যায়। অস্কার বলেন, 'নাওরেম দুই তিন ম্যাচ পরেই ফিট হয়ে যাবে। তারপরেই ও দলে চলে আসবে।' রাকিপকে মারা নিয়ে বেশ ক্ষুব্ধ অস্কার। তিনি মনে করেন, ' ওভাবে রাকিপকে মারা উচিত হয়নি।' চোটের কারণে কি প্রথম কয়েকটা ম্যাচ মিস করবেন রাকিপ? এই প্রশ্নের উত্তরে অস্কার বলেন, ' খুব গুরুতর চোট নয়। তবে আমি বলব, ওভাবে মারা উচিত হয়নি।'
তবে নতুন যোগ দেওয়া ইউসেফ এজারজি মাঠে নামেননি। দলে ছিলেন না কেভিন সিবিলে। তবে তাঁকে কেন খেলানো হল না? অস্কার বলেন, 'সিবিলের চোট নেই। তবে ওকে মনে হয়নি তাই খেলাইনি। আলাদা কোনও কারণ নেই।' তবে ভাল ফুটবল খেলায় অনেকটাই স্বস্তিতে ইস্টবেঙ্গল ফ্যানরা।