
টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের নাটক আর শেষ হচ্ছে না। প্রথমে তারা এই বিশ্বকাপ খেলা নিয়ে টালবাহানা করছিল। যদিও গতকাল ইসলামাবাদের পক্ষ থেকে ক্রিকেট দলকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু সেই সঙ্গেই ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ তারা খেলবে না বলেও ঘোষণা করা হয়। আর তাতেই নতুন সমস্যার সূত্রপাত হয়েছে।
প্রসঙ্গত, এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই ম্যাচটি খেলবে না বলছে পাকিস্তান। আর এই ম্যাচটি যদি তারা না খেলে, তাহলে টুর্নামেন্টে সমস্যার মুখে পড়তে পারে পাকিস্তান।
কী হতে পারে?
প্রথমত, এই ম্যাচে যদি ভারত মাঠে যায়, তাহলে সূর্যকুমার বাহিনী ওয়াকওভার পেয়ে যাবে। মিলবে ২ পয়েন্ট। ও দিকে পাকিস্তানের ঝুলিতে যাবে শূন্য। যার ফলে পাকিস্তানের পরবর্তী স্টেজে ওঠা খুব কঠিন হয়ে পড়বে। তারা ছিটকে যেতে পারে গোটা টুর্নামেন্ট থেকে।
আর শুধু পয়েন্টের হিসেব নয়। নেট রান রেটের হিসেবেও বিপদে পড়তে পারে পাকিস্তান। যার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা বাড়বে পাক দলের। আর সেটা নিশ্চয়ই তাদের জন্য ভাল কিছু নয়।
গ্রুপের কী খবর?
আসলে গ্রুপ এ-তে রয়েছে ভারত এবং পাকিস্তান দুই হট ফেভারিট দল। এছাড়া ওই গ্রুপে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং ইউনাইটেড স্টেটস রয়েছে। এই গ্রুপ থেকে ২টি দল পৌঁছে যাবে সুপার ৮-এ। আর পাকিস্তান ম্যাচ না খেলে ভারত খুব সহজেই ২ পয়েন্ট পেয়ে যাবে। যার ফলে খুব সহজেই পরবর্তী স্টেজে পৌঁছে যাবে সূর্যকুমার বাহিনী। উল্টো দিকে হট ফেভারিট হয়েও পরবর্তী স্টেজে উঠতে গিয়ে সমস্যায় পড়তে পারে পাকিস্তান। কারণ, তারা এমনিই ভারতকে দুই পয়েন্ট দিয়ে বসে রয়েছে। তাই তাদের কাছে অন্য সব ম্যাচই ডু-অর ডাই। এমন পরিস্থিতিতে একটু এদিক-ওদিক হলেই বিপদ বাড়তে পারে।
তাই পাক ফ্যানেদের তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা ম্যাচের দিকে। তারা এই সব ম্যাচ জিতলে কোনও সমস্যা নেই। তবে তারা যদি একটা ম্যাচও হেরে যায়, তখন আসবে রানরেটের প্রশ্ন। এমন পরিস্থিতিতে তাদের বিপাকে পড়তে হতে পারে। অন্য কোনও দল উঠে আসতে পারে নক আউট স্টেজে। আর সেটা খুবই অপমানজনক হবে পাক দলের কাছে।