
T20 বিশ্বকাপে বিরাট ফ্যাক্টর হয়ে গিয়েছেন স্পিনাররা। যে দল স্পিন ভাল সামলাতে পারছে, তারাই এগিয়ে যাচ্ছে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উসমান তারিক। ভারতের বিরুদ্ধে তিনিই কি হবেন সলমন আলি আঘার মূল অস্ত্র? ভারতীয় দল তাঁকে নিয়ে কী ভাবছে? খোলসা করলেন ঈশান কিষান।
ভারতীয় দল কলম্বো উড়ে যাওয়ার আগে ঈশান কিষান সাংবাদিক সম্মেলনে বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট অনেক বেশি মানসিকতার খেলা। আমরা উসমান তারিকের কিছু ভিডিও ফুটেজ দেখেছি, তাই ওর বোলিং সম্পর্কে কিছুটা ধারণা আমাদের আছে। তবে কোনো এক জন বোলারকে নিয়ে আলাদা করে অতি-চিন্তা করে আমরা নিজেদের ওপর চাপ বাড়াতে চাই না।' ঈশান আরও যোগ করেন, 'আমাদের পরিকল্পনা খুব সহজ, যেমন বল করবে সেই অনুযায়ী নিজেদের স্বাভাবিক শট খেলব। যদি বোলার ভুল করে এবং মারার মতো বল পাই, তবে বড় শট খেলতে আমরা পিছপা হব না।'
ভারতীয় দল নামিবিয়ার বিরুদ্ধে জেরার্ড এরাসমাসের বোলিং-এ সমস্যায় পড়ে। ভারতীয় ইনিংসের অষ্টম ওভারে বল করতে এলেন। প্রথম বলেই উইকেট। তুলে নিয়ে ভয়ঙ্কর দেখানো ঈশান কিষাণকে। তাঁকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন ঈশান। ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা। প্রথম ওভার থেকেই চর্চা শুরু হল এরাসমাসের বোলিং অ্যাকশন নিয়ে। পপিং ক্রিজে না ঢুকে, অনেকটা পিছন থেকে বল করছিলেন তিনি। সেই ওভারের ষষ্ঠ বলটি এমন করলেন যে, আম্পায়ার রড টাকার ডেড বল দিলেন। আম্পায়ারের সঙ্গে যা নিয়ে কথা বলতেও দেখা গেল নামিবিয়ার অধিনায়ককে। ষষ্ঠ বলটি আবার করতে হল।
বৃহস্পতিবার ভারতীয় ব্যাটিংয়ের কাছে আতঙ্ক হয়ে উঠেছিলেন এরাসমাস। পরের তিন ওভারে তিনি আরও তিন উইকেট তুললেন। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৪ উইকেট। সেই উইকেটের তালিকায় ঈশান, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া ও অক্ষর পটেল।