
Abhishek Sharma Form Statement: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহারণের আগে ভারত শিবিরে স্পষ্ট বার্তা। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharna)-র টানা ব্যর্থতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রকাশ্যে পাশে দাঁড়ালেন তরুণ ব্যাটারের। ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদের Narendra Modi Stadium-এ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি কৌতুকের সুরে জানিয়ে দিলেন, অভিষেককে নিয়ে চিন্তার কিছু নেই, উল্টে যাঁরা চিন্তা করছেন, তাঁদের নিয়েই তিনি বেশি উদ্বিগ্ন!
গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনবার শূন্য রানে আউট হয়ে চাপে পড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma।) নামিবিয়ার বিরুদ্ধে অসুস্থতার জন্য খেলেননি, আর বাকি ম্যাচগুলিতে মিলিয়ে খেলেছেন মাত্র আটটি বল। স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন, তাঁর জায়গায় কি সুযোগ পাবেন Sanju Samson? জবাবে সূর্যকুমার বলেন, “অভিষেককে নিয়ে যারা চিন্তা করছেন, আমি বরং তাঁদের নিয়েই বেশি চিন্তিত। যে দলগুলো সামনে ওর মুখোমুখি হবে, তাদেরই ভাবা উচিত।”
অধিনায়ক মনে করিয়ে দেন, ২০২৫ সালে অভিষেকের ফর্ম ছিল দুর্দান্ত। ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫৯ রান, প্রায় ১৯৩ স্ট্রাইক রেট। তাঁর বিশ্বাস, নকআউট মঞ্চেই বড় ইনিংস আসে। তাই দলে আস্থা রাখা হচ্ছে আগ্রাসী ওপেনিং জুটির উপরেই। সঞ্জুকে নিয়ে প্রশ্নে হালকা রসিকতা করে সূর্য বলেন, “আপনারা চান অভিষেক বা তিলকের জায়গায় সঞ্জু খেলুক? আমরা বড় রান করতে চাই, সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে।”
দলীয় কৌশলও পরিষ্কার, সুপার ৮-এ উচ্চ রানের ম্যাচের লক্ষ্যেই নামছে ভারত। বোলিং কোচ মর্নি মরকেল (Morne Morkel) ও একই সুরে জানিয়েছেন, কম্বিনেশন বদলের ভাবনা আপাতত নেই। ইশান কিশানদের মতো বিকল্প থাকলেও প্রথম পছন্দের একাদশেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বড় ম্যাচের আগে বার্তা একটাই, অভিষেকের ব্যাট কথা বললেই বদলে যাবে ছবিটা। আর সেই মুহূর্তের অপেক্ষায়ই ভারতীয় শিবির।