
ভারতীয় ফুটবলে ডামাডোলের পরিস্থিতিতে অধিকাংশ দলই ফুটবলার ধরে রাখতে হিমসিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে বিপরীত দিকে হাঁটছে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএল শুরুর দিনক্ষণ ঘোষণা হতেই একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলছে সার্জিও লোবেরার দল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে ৮-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।
শুরু থেকেই গোল পায় মোহনবাগান
জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন জেন কামিন্স। মোহনবাগানের হয়ে বাকি তিনটি গোল করলেন দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো এবং শহাল আব্দুল সামাদ। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় বিপক্ষে গোলরক্ষাকের ভুলে বল জালে জড়িয়ে দেন দিমিত্রি। নিজে গোল করলেন, গোল করালেনও তিনি।
ফিরছেন পুরোনো দিমি
সার্জিও লোবেরার তত্ত্বাবধানে আবারও পুরোনো দিমিকে ফিরে পাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, এদিন দলের সকল ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন লোবেরা। রক্ষণে এক বিদেশি রেখেই আক্রমণে ধার বাড়াচ্ছেন তিনি। ফলে অনভ্যস্ত জায়গায় মানিয়ে নিতে হচ্ছে লিস্টন কোলাসোকে। যদিও এদিন মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধেই মোহনবাগানকে ৪-০ গোলে এগিয়ে দেন জেমি এবং সাহাল। দ্বিতীয়ার্ধে তিনটি গোল কামিন্সের, গোল করেন ম্যাকলারেনও।
অন্যদিকে, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির হয়ে একমাত্র গোলটি করেন প্রীতম বিশ্বাস। গোলরক্ষক কুল দত্ত দুরন্ত লড়াই করেন। শুরুতে তাঁর ভুলেই গোল হজম করতে হলেও, পরে একাধিকবার দলের হয়ে নিশ্চিত পতন রোধ করেন তিনি। ম্যাচ শেষে নিজের হ্যাটট্রিক করা বল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির তরুণ ফুটবলারদের হাতে তুলে দেন জেসন কামিন্স।
ফলে বলাই যায়, মোহনবাগান নিজেদের গুছিয়ে নেওয়ার কাজটা ভালভাবেই করে ফেলছে। এবারের আইএসএল বেশ ছোট। ফলে ম্যাচ হেরে গেলে বা ড্র করলে লড়াইয়ে ফেরত আসা বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে। ফলে কোনও ফাঁক রাখতে চাইছেন না মোহনবাগান কোচ।