
এম এস ধোনি প্র্যাক্টিস করছেন। ১ এপ্রিল এই দৃশ্য ভাইরাল হয়েছে। তা দেখে খুশি চেন্নাই সুপাং কিংসের সমর্থকরা। তাঁদের মনে প্রশ্ন, তাহলে কি শিগগিরই মাঠে ফিরছেন ধোনি? যদিও তা নিয়ে মুখ খোলেনি চেন্নাই শিবির। বরং অনেকের আবার পাল্টা দাবি, ওই ভিডিও এখনকার নয়, পুরোনো। এপ্রিল ফুল করার জন্য নাকি তা ছড়ানো হয়েছে।
এর আগে ওই ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, আইপিএল ২০২৬–এর প্রথম দুই সপ্তাহে ধোনি খেলতে পারবেন না। কারণ তিনি কাফ স্ট্রেইনে ভুগছেন। বিবৃতিতে CSK জানিয়েছিল, 'এমএস ধোনি বর্তমানে কাফ স্ট্রেইনের জন্য রিহ্যাবিলিটেশন করছেন।'
এই বিবৃতি জারির কয়েক দিনের মধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ধোনি কিটব্যাগ নিয়ে নেট সেশনে ঢুকছেন।
আর একটি ভিডিওতে দেখা যায়, ধোনি নেটে কয়েকটি বল খেলছেন। তিনি ধীরে ধীরে ব্যাটিং করছেন। পুরো শক্তিতে না গিয়ে মূলত রিদম ও টাইমিংয়ে জোর দিচ্ছেন। তবে ধোনির প্র্যাক্টিস নিয়ে জোর জল্পনা শুরু হলেও এখনও এটা পরিষ্কার নয় যে, ভিডিওটা কবেকার।
এদিকে ধোনি না থাকার ফলে চেন্নাইয়ের যে ক্ষতি হচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। মরসুমের প্রথম ম্যাচেই CSK হেরে যায় রাজস্থান রয়্যালসের কাছে। তারা মাত্র ১২৭ রান তুলতে পেরেছিল। সেদিন CSK কোনও বড় পার্টনারশিপ গড়তে পারেনি। ক্রিকেট বিশ্লেষকদের একাংশের মতে, ধোনি শুধু একজন ফিনিশার নন, মাঠে তাঁর উপস্থিতিও দলকে শক্তিশালী করে।