
আইপিএল শুরু হওয়ার আগেই ভক্তদের জন্য খুব খারাপ খবর। দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস পড়ল বড় সমস্যায়। গত কয়েক মরসুমে তিনি ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলেছেন। তবে এ মরসুমে তিনি কী করবেন তা নিয়ে কৌতূহল ছিল সকলের। তবে আপাতত সেই কৌতূহল মেটানোর সুযোগ পাচ্ছেন না সমর্থকরা।
কী হয়েছে ধোনির?
কাফ মাসলে চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ধোনি। তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএল ২০২৬ মরসুমের প্রথম চারটি ম্যাচে খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। ধোনির পরিবর্তে সঞ্জু স্যামসন অথবা উরভিল প্যাটেল দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে পারেন।
কোন কোন ম্যাচ খেলতে পারবেন না ধোনি?
৩০শে মার্চ: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস
৩ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস
৫ই এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস
১১ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
মরসুমের শুরুতেই তাঁর না থাকা সিএসকে-কে চাপে ফেলে দিয়েছে। ফলে শুরুর দিকের ম্যাচগুলোতে চেন্নাই দলের গভীরতা কতটা, তা বোঝা যাবে। বিশেষ করে নেতৃত্ব এবং ফিনিশিংয়ের দক্ষতার ক্ষেত্রে ধোনির বিকল্প কেউ হতে পারেন কিনা সেটাই দেখার।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি শুধুমাত্র আইপিএলেই খেলা চালিয়ে যাচ্ছেন। গত মরসুমে তিনি ১৪টি ম্যাচের সবকটিতেই খেলেছেন এবং ১৩৫-এর বেশি স্ট্রাইক রেটে ১ ৯৬ রান করেছেন। রুতুরাজ গায়কোয়াড চোটের কারণে ছিটকে গেলে তিনি অল্প সময়ের জন্য অধিনায়কত্বও করেছিলেন। তবে তাঁর দল, প্লে অফে পৌঁছতে পারেনি।
৪৪ বছর বয়সেও ধোনি এই লিগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। এই মরসুমের শেষের দিকে দলে ফিরলে, ধোনিই হবেন আইপিএলে খেলা সবচেয়ে বয়স্ক ভারতীয়। তাঁকে দেখতে আসেন সমর্থকরা। ফলে তিনি না থাকায় সমস্যায় পড়তে হবে দর্শকদের নিয়েও। যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাঁরা মিস করবেন প্রিয় মাহিকে।