
RCB Sold To Aditya Birla Group: আইপিএলের মেগা নিলামের আগেই ভারতীয় ক্রিকেট মহলে বড়সড় ধামাকা। রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা বদল হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি-র। সূত্রের খবর, বিপুল অঙ্কের বিনিময়ে বিরাট কোহলিদের দলের রাশ হাতে নিল দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ‘আদিত্য বিড়লা গ্রুপ’। প্রায় ১৬,৭০৬ কোটি টাকার এই মেগা চুক্তির খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কর্পোরেট ও ক্রিকেট দুনিয়ায়। এর আগে রাজস্থান রয়্যালস বিক্রির খবর শোরগোল ফেলেছিল, তবে আরসিবি-র এই রেকর্ড দর আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করল।
দীর্ঘদিন ধরেই আরসিবি-র মালিকানায় রদবদলের জল্পনা চলছিল। ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের হাত থেকে এবার সেই ব্যাটন যাচ্ছে বিড়লাদের হাতে। আদিত্য বিড়লা গোষ্ঠী যে খেলার দুনিয়ায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী, তা এই পদক্ষেপে স্পষ্ট। ১৬,৭০৬ কোটি টাকার এই আকাশছোঁয়া ডিল প্রমাণ করে দিল যে, ট্রফি খরা থাকলেও জনপ্রিয়তার নিরিখে আরসিবি আজও সেরাদের সেরা। বিশেষ করে বিরাট কোহলির মতো বিশ্বখ্যাত তারকার উপস্থিতি এই দলের ব্র্যান্ড ভ্যালুকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এখন দেখার, নতুন মালিকানার হাত ধরে আরসিবি-র দীর্ঘ প্রতীক্ষিত ‘ই সালা কাপ নামদে’ (এবার কাপ আমাদের) স্বপ্ন পূরণ হয় কি না।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলের এই ক্রমবর্ধমান বাণিজ্যিক মূল্য বুঝিয়ে দিচ্ছে যে এটি আর কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের অন্যতম লাভজনক ব্যবসায়িক মডেল। বিড়লা গোষ্ঠীর এই বিশাল বিনিয়োগ আরসিবি-র পরিকাঠামো এবং ফ্যান এনগেজমেন্টে বড়সড় বদল আনতে পারে। চৈত্র মাসের এই তপ্ত দুপুরে আরসিবি ভক্তদের কাছে এই খবর যেন এক পশলা স্বস্তির বৃষ্টি। নতুন মরসুমে নতুন মালিকের অধীনে কোহলিরা চিন্নাস্বামী স্টেডিয়ামে কেমন খেলেন, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।