
ভারতীয় ক্রিকেট দলের জন্য় দারুণ সুখবর। T20 স্কোয়াডে ফের যোগদান করতে চলেছেন রিঙ্কু সিং। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বড় ভরসাযোগ্য ফিনিশার তিনিই। ফলে গতকাল যখন পারিবারিক কারণে রিঙ্কু দেশে ফেরেন, তখন রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন ভারতীয় ফ্যানেরা। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সুখবর দিলেন এই ভরসাযোগ্য বাঁ হাতি ব্যাটার। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সন্ধ্যা নাগাদ রিঙ্কু দলে যোগদান করতে পারেন। ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও এই তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক বৈঠকে সিতাংশু বলেন, "রিঙ্কু সিং বুধবার সন্ধ্যায় ফিরে আসছেন। ওর বাবা অসুস্থ থাকায় বাড়ি যেতে হয়েছিল। আজই সে টিমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।" জানা গিয়েছে, রিঙ্কু সিংয়ের বাবার শরীর গতকাল খুবই খারাপ ছিল। গ্রেটার নয়ডায় হাসপাতালে তিনি ভর্তিও রয়েছেন। কিন্তু তাঁর শরীরের অবস্থার উন্নতি হওয়ায় রিঙ্কু সিং ফের দলে ফিরতে চলেছেন।
বিশেষ বিষয় হল, মিডল অর্ডারের শেষে এই মুহূর্তে রিঙ্কু সিং মেন ইন ব্লু-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে ম্যাচের শেষ ওভারগুলির দিকে হু হু রান তোলার ক্ষেত্রে রিঙ্কু সিং সূর্য কুমারের যাদবের টিমে একদম ফিট।
যদিও এই টুর্নামেন্টে রিঙ্কু সিংয়ের ব্যাট কিন্তু রানের ফুলঝুরি ঝরাতে পারেনি। শেষ ৫টি ম্যাচে ২৪ রান করেছেন এই বাঁ হাতি ফিনিশার। সুপার-৮ এ যখন ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া, তখনই পারফেক্ট ভাবে ফর্মে ফিরতে পারেন রিঙ্কু সিংও।
যদিও এদিন চার ঘণ্টার ট্রেনিং সিজনে দেখা যায়নি উত্তরপ্রদেশের এই ব্যাটারকে। তবে জিম্বাবোয়ের বিপক্ষে রিঙ্কুর ব্যাটিং কিন্তু ঈর্ষণীয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫টি T20 ম্যাচ খেলে তিনবারই অপরাজিত রয়েছেন রিঙ্কু। ২০২৪ সালে হারারেতে এই টিমের বিরুদ্ধে ৪৮ রানের ইনিংসও রয়েছে রিঙ্কুর। ফলে আসন্ন জিম্বাবোয়ে ম্যাচে রিঙ্কুর জ্বলে ওঠার আশায় রয়েছেন টিম ইন্ডিয়ার ফ্যানেরা।