
১৫ ফেব্রুয়ারি টি টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কলম্বোর মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরা। দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, এই ম্যাচ পাকিস্তানের জন্য আদৌ সহজ হবে না।
সোমবার সব বিতর্কের অবসান ঘটিয়ে পাকিস্তান সরকার জানিয়েছে, তাদের দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে শ্রীলঙ্কার মাঠে। তারপর থেকেই সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ আরও চড়তে শুরু করেছে। ক্রিকেট দুনিয়ার বড় বড় পণ্ডিতরা দাবি করেছেন, বিশ্বকাপের সব থেকে বড় ম্য়াচ হতে চলেছে আগামী রবিবার। সৌরভও একই কথা বলেন এদিন। তাঁর কথায়, 'বিশ্বকাপ ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ হতে চলেছে এটা। ইন্ডিয়া খুব ভালো টিম। তাদেরকে হারানো পাকিস্তানের পক্ষে মোটেও সহজ হবে না। এবারের টুর্মামেন্টও খুব ভালো শুরু হয়েছে।'
অনেকে অভিযোগ করেন, দুই দেশের রাজনীতির প্রভাব পড়ে ভারতীয় ক্রিকেটে। সৌরভ মনে করেন, খেলা ও রাজনীতি এক হওয়া উচিত নয়। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তিনি বলেন, 'অনেক বছর ভারত ও পাকিস্তানের মধ্যে ভালো ম্যাচ হয়নি। দেখার জন্য মুখিয়ে আছি। খেলা ও রাজনীতি সব সময় আলাদা। ভালো ম্যাচ হোক, এটাই আশা। পাকিস্তানও টুর্নামেন্টে ভালো খেলছে।'
নিরাপত্তার ইস্যু দেখিয়ে ভারতে খেলতে আসতে না চাওয়ায় বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। মহম্মদ ইউনূসের দেশের সরকারের ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে অবাক মহারাজ। তিনি জানান, 'বাংলাদেশ খেলছে না দেখে আমি অবাক। ইন্ডিয়া ও পাকিস্তান ম্য়াচ সব সময় গুরুত্বপূর্ণ। পাকিস্তান আগে জানিয়েছিল তারা একটা ম্যাচ খেলবে না। যদি সেটা হত তাহলে পয়েন্টে আগে থেকেই পিছিয়ে যেত।'
এবারের বিশ্বকাপে মোট ২০ দেশ অংশ নিয়েছে। সেই দেশগুলোর মধ্যে অনেকেই নজর কেড়েছে। নেপাল, নেদারল্যান্ডস, আমেরিকা খেলার মাঠে বড় বড় টিমকে চ্যালেঞ্জ ছুড়েছে। সৌরভ সেজন্য নতুন দলগুলোর প্রশংসা করেন। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসব টিমের ভালো খেলা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সোমবারই বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়। তাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর দুবাই থেকে আইসিসি বিবৃতি জারি করে। জানানো হয়, বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশকে কোনও আর্থিক বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। ২০২৮–২০৩১-এর মধ্যে একটি আইসিসি টুর্নামেন্টও আয়োজন করা হবে বাংলাদেশে।