
আইএসএল শুরু হতে দুই সপ্তাহ বাকি নেই। এর মধ্যেই ইস্টবেঙ্গল অনুশীলনে রবিবার হঠাৎ করেই আশঙ্কার কালো মেঘ। প্রস্তুতি চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়লেন দলের আক্রমণ তৈরির অন্যতম অস্ত্র মহেশ সিং নাওরেম। তিনি আর অনুশীলন করতেই পারেননি। হাঁটুর বেশ কিছুটা অংশ অনেকটাই ফুলে গেছে। ফোলা যতক্ষণ না কমবে, ততক্ষণ এমআরআই করা সম্ভব নয়। তাই মঙ্গল অথবা বুধবার মহেশের চোটের জায়গায় এমআরআই করা হবে। তারপরই বোঝা যাবে, মহেশের হাঁটুর চোট ঠিক কতটা গুরুতর।
তবে ইস্টবেঙ্গল শিবির কিন্তু যথেষ্ট চিন্তায়। কারণ এবছর মহেশ বেশ ভাল ফর্মে রয়েছেন। অস্কারের পরিকল্পনায় একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি। সুপার কাপেও দুরন্ত ছন্দে ছিলেন। অস্কারের পরিকল্পনা ছিল মহেশকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো।
সিবিলেকে নিয়েও সমস্যা
একমাত্র তাহলেই মাঝ মাঠে দু'জন বিদেশি রেখে, রক্ষণ এবং আক্রমণভাগে একজন করে বিদেশি খেলানো সম্ভব। কিন্তু এবারের আইএসএলে ম্যাচের সংখ্যা খুব কম। এবার যদি দেখা যায় মহেশের চোট গুরুতর এবং প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না, তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য বিশাল বড় ধাক্কা। কারণ এই মুহূর্তে দলে মহেশ সিংয়ের কোনও পরিবর্ত ফুটবলার নেই। মোটামুটি এই সপ্তাহের মাঝামাঝি বিষয়টি সম্পর্কে ছবিটা পরিষ্কার হবে। ততদিন পর্যন্ত বেশ চিন্তায় থাকবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দলের সঙ্গে এখনও অনুশীলন করছেন না কেভিন সিবিলেও। শোনা যাচ্ছে, তাঁর ঘাড়ে এখনও ব্যথা রয়েছে। তবে এই আর্জেন্টাইন ফুটবলারের চোট গুরুতর নয় বলেই খবর। আগামী দিন তিনেকের মধ্যে সিবিলের অনুশীলনের নামার কথা। তখন বোঝা যাবে কবে থেকে খেলতে পারবেন সিবিলে।
আগের দিনই দলের সঙ্গে যোগ দিয়েছেন উইঙ্গার জেরি মাওয়িমিংথাঙ্গা। বিদেশি স্ট্রাইকার ইউসেফ এজেরাই কবে দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও বলা যাচ্ছে না। কারণ, তাঁর অনলাইনে আবেদন করা ভিসা বাতিল হয়েছে। তাই ফের অফলাইনে আবেদন করেছেন স্প্যানিশ স্ট্রাইকার।