
ফের যুবদের ডার্বি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। আরএফডিএল-এর ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে ১গোলে হার দেগি কার্ডোজর মোহনবাগান সুপার জায়েন্টের। একমাত্র গোলটি করেন রমিন গোলদার। প্রথম থেকেই প্রতিদ্বন্দিতা ছিল। তবে শেষ হাসি হাসল লাল-হলুদিই। শেষ কয়েক বছর একেবারেই ভাল যায়নি ইস্টবেঙ্গলের। তবে এ মরসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গলের সিনিয়র দলও। এর মধ্যেই জুনিয়ররাও ভাল পারফর্ম করছেন ফলে স্বস্তিতে ফ্যানরা।
ব্যারাকপুরে প্রথমার্ধে গোল আসেনি। সুযোগ তৈরি হলেও তেকাঠির মধ্যে বল রাখতে পারেনি কোনও দলই। তবে ম্যাচের ৫৭ মিনিটে খেলা ঘুরিয়ে দেন রবিন। ডানদিক থেকে উঠে আসতে থাকা রবিন সতীর্থর কাছ থেকে লম্বা বল পেয়ে যান। কিছুটা কাটিয়ে বক্সের মধ্যে কাট করে ঢুকে পড়েন লাল-হলুদের এই ফুটবলার। প্রথমে বাঁ পায়ে শট নিতে যাচ্ছেন দেখিয়ে ডান পায়ে শট জালে জড়ান রবিন। অনেকটা সময় পেলেও খেলায় ফেরত আসতে পারেনি মোহনবাগান সুপার জায়েন্ট।
দেখুন গোলের ভিডিও
পরপর যুব ডার্বি হারতে হওয়ায় ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকরা। দেগির পদত্যাগ চাইছেন তাঁরা। সিনিয়র, জুনিয়র পর্ব মিলিয়ে ৯বার ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল এর মধ্যে ৫টি ম্যাচ জিতে নিয়েছে। তিনটি ম্যাচ ড্র হয়েছে। আর একটা মাত্র ম্যাচ জিততে পেরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। যে একটা ম্যাচ সবুজ-মেরুন জিতেছে সেটাও সিনিয়র পর্যায়ে। আইএফএ শিল্ডে তাও আবার টাইব্রেকারে। সমস্ত পর্যায়েই প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ভাল দল গড়েছে ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোর অধীনে দারুণ কাজ করে যাচ্ছেন বিনো জর্জ। ফল পাচ্ছে ইস্টবেঙ্গল।
তারকা স্ট্রাইকার ইস্টবেঙ্গলে
আইএসএল ২০২৫-২৬ মরসুমের জন্য ইস্টবেঙ্গল এফসি তাদের আক্রমণের শক্তি আরও বাড়াল। দলে সই করানো হল স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারিকে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবের এক বছরের চুক্তি হয়েছে এবং তিনি আসন্ন মরসুমে লাল-হলুদ জার্সিতে ৯ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন। সরকারিভাবে শুক্রবার ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল এফসি।
ক্লাব সূত্রে খবর, ৬ ফুট উচ্চতার এই স্ট্রাইকারের এরিয়াল বলের দক্ষতা এবং গোল করার ক্ষমতা দলের জন্য বড় সম্পদ হতে চলেছে। কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, গত মরসুমে ভালো খেললেও গোল করার লোকের অভাবে ভুগতে হয়েছিল দলকে। ইউসেফের আগমনে সেই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।