
কয়েকমাস পরেই শুরু হবে ফিফা বিশ্বকাপ। তবে সেই বিশ্বকাপের দলে কি জায়গা হবে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের? সেটাই বড় প্রশ্ন ছিল এতদিন। ভক্তরা প্রার্থনায় ছিলেন। কারণ তাঁর চোট। আর সে জন্যই ব্রাজিল দলে হয়ত জায়গা পাচ্ছেন না নেইমার। চোট নিয়েই স্যান্টোসের হয়ে খেলে যাচ্ছিলেন নেইমার। তবে ব্রাজিল কোচ কার্লো আনসালোত্তি জানিয়ে দিয়েছেন, ফিট ফুটবলার ছাড়া কাউকেই নেওয়া হবে না। এর জেরেই নেইমারের যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কোথায় চোট নেইমারের
তাঁর বাঁ হাঁটুতে চোট কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে সকলকে অবাক করে নেইমার স্যান্টোসের জার্সি পরে নেমে পড়েন। ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার চোট নিয়েই খেলেন। শুধু তা-ই নয়, নিজে গোল করার পাশাপাশি একটি গোলও করান। ম্যাচ শেষে নেইমার জানিয়েছিলেন, অবনমনের শঙ্কায় পড়া স্যান্টোসকে টেনে তুলতে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপ খেলার চেষ্টায় নেইমার
বিশ্বকাপের দলে নেইমার ফেরার যে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা স্পষ্ট তাঁর কথাতেই। তিনি বলেন, 'মাঠে থাকতে যে পরিশ্রম করি, অ্যাথলেট হিসেবে নিজের স্বাস্থ্যের দিকটাই আগে দেখি, ক্যারিয়ারের ক্ষতি হতে পারে-এমন কিছু করি না। তবু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি। এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।'
তবে সেই চেষ্টা সফল হয় কিনা সেটাই দেখার। নেইমার কিন্তু দারুণ ছন্দে আছেন। ব্রাজিলিয়ান লিগে তিনি ফর্মে ফিরতেই বদলে যায় সন্তোসের চেহারা। যদিও রবিবার ক্যাম্পেওনাতো পাউলিস্তা লিগে ক্লাব নোরোয়েস্তের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না নেইমারকে। ফলে যা পরিস্থিতি তাতে দ্রুত সুস্থ হতে না পারলে, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (৭৯ গোল) বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে।