
ছেলেদের দলে ১৯৮৯ সালে কোচ হয়েছিলেন অঞ্জন চৌধুরি। তারপর ছেলেদের দলে আর বাংলার কোচ দেখা যায়নি। তবে এবার মেয়েদের দলে হারানো পদ ফিরে পেতে চলেছেন ক্রিসপিন ছেত্রি। সূত্রের খবর, ফের ভারতীয় মহিলা ফুটবল দলের কোচের ভূমিকায় পাওয়া যাবে কার্শিয়াংয়ের এই বাসিন্দাকে। বাংলাভাষী না হলেও, তিনি বাংলার বাসিন্দা। পাশাপাশি সুজাতা করও রয়েছেন সহকারী হিসেবে।
বড় দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে সুজাতার
সুজাতা কর এর আগে কোচিং করিয়েছেন একাধিক দলে। সেই তালিকায় ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের পাশাপাশি আছে শ্রীভূমি ক্লাবও। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা ফিফা সিরিজ প্রতিযোগিতা থেকেই তাঁরা ভারতীয় দায়িত্ব নিচ্ছেন বলে খবর। এখন শুধু সরকারি ঘোষণা হওয়ার অপেক্ষা। চার দলের নকআউট প্রতিযোগিতায় ১১ এপ্রিল সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক কেনিয়া।
সম্প্রতি এএফসি এশিয়ান কাপ ফুটবলে ভারতের হতশ্রী পারফরমেন্সের পর ছাঁটাই হয়েছেন সেই দলের কোচ অ্যামেলিয়া ভালভার্দে। তারপর থেকেই কাঠগড়ায় ভারতীয় ফুটবল সংস্থা। প্রতিযোগিতা শুরুর মাত্র দেড় মাস আগে সফল ক্রিসপিনকে সরিয়ে কেন অ্যামেলিয়াকে দায়িত্ব দেওয়া হল? আবার একটি প্রতিযোগিতার পরই এই হাইপ্রোফাইল কোচকে নিয়ে কেন ফেডারেশনের মোহভঙ্গ? প্রশ্নগুলি উঠছিল।
কেন অ্যামেলিয়ার সঙ্গে চুক্তি বাড়াল না ফেডারেশন?
এআইএফএফের টেকনিক্যাল কমিটির বৈঠকের পর জানানো হয়, অ্যামেলিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। সেইসঙ্গে এও বলা হয়েছিল, ভারতীয় কোচেদের ওপর আস্থা রাখতে চাইছে ফেডারেশন। এতেই ক্রিসপিনের ফের সঙ্গীতা বাসফোরদের কোচের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। সম্ভবত ৬ এপ্রিল জাতীয় শিবির শুরু। সেখানেই ক্রিসপিন ও সুজাতা একসঙ্গে কাজ শুরু করবেন। তবে সামনে লড়াই বেশ কঠিন। ফলে পরীক্ষা হতে চলেছে এই দুই বাংলার কোচেরও। দলে থাকা কয়েকজন তারকার উপরেও দায়িত্ব থাকবে এই অবস্থা থেকে ভারতীয় দলকে তুলে ধরা। নয়ত ফের এদের নিয়েও প্রশ্ন উঠে যাবে।