
৪৩ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন রোহন বোপান্না। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন তিনি। সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের ট্রফি জিতলেন তিনি।
ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। এর আগে মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। আর এবার মুকুটে যুক্ত হল আরও একটা পালক। বোপান্নার ম্যাচ শেষ হতেই উৎসবে মেতে ওঠে গোটা গ্যালারি। মেলবোর্নের গ্যালারি থেকে চিৎকার ওঠে ‘ভারত মাতা কি জয়’। লিয়েন্ডার পেজ বা মহেশ ভূপতির মতো সংখ্যায় অত বেশি গ্র্যান্ড স্ল্যাম না জিতলেও, এই বয়সে বোপান্না যা করে দেখালেন তা অনন্য নজির। টেনিসের এক বিরল ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেল বোপান্নার নাম।
শনিবারের ম্যাচে মোড় ঘোরানো মুহূর্তের কথা যদি বলতে হয় তা হল দ্বিতীয় সেটের একাদশতম গেমে বোপান্নাদের ব্রেক। বোলেল্লি-ভাভাসোরিদের সার্ভিস ব্রেক করেন তাঁরা। তার আগে পর্যন্ত দুই জুটিই নিজেদের সার্ভিস ধরে রাখছিলেন। তখন মনে হচ্ছিল, এই সেটও টাইব্রেকারে গড়াতে চলেছে। সে সময় বোপান্নার নেট প্লে এবং এবডেনের জোরালো সার্ভিস ম্যাচে তফাত গড়ে দিল।
পুরুষদের বিভাগে এর আগে সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে তিনি যখন ফ্রেঞ্চ ওপেন জেতেন তখন তাঁর বয়স ৪০ বছর ৯ মাস। তাঁর সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। এর আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। এই তালিকায় তৃতীয় ব্যক্তি লিয়েন্ডার পেজ। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না যদিও এঁদের সবাইকেই ছাপিয়ে গেলেন। তাঁর এই রেকর্ড ভাঙা আধুনিক টেনিস খেলোয়াড়দের পক্ষে বেশ শক্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এখনও মার্টিনা নাভ্রাতিলোভবার দখলে। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়েন্ডার পেজের সঙ্গে জুটি বেধেই। তখন নাভ্রাতিলোভার বয়স ৪৬ বছর ২৬১ দিন। গত বছরের ইউএস ওপেনের সময়ই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন বোপান্না। তবে সে বার হেরে যান রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে।