
ক্লাবের শতবর্ষের উৎসব পালনের শেষাংশ জমকালো ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে, অরিজিৎ সিং সমাপ্তি উৎসবের আকর্ষণ হতে পারেন। এর আগে ক্লাবের শতবর্ষের থিম সংও গেয়েছিলেন অরিজিৎ। আর এবার সব ঠিকঠাক থাকলে তাঁর গান সামনে থেকে শুনতে পারবেন লাল-হলুদ জনতা। পাশাপাশি পরিচালক গৌতম ঘোষ যে ইস্টবেঙ্গলকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন তা শেষ পর্যায়ে। কোভিডের জন্য দীর্ঘদিন শুটিং হয়নি। সেই জন্যই দেরি হল।
সংশোধিত চুক্তি এসেছে ইস্টবেঙ্গল ক্লাবে
পরিমার্জিত চুক্তিপত্র ক্লাবে পাঠিয়ে দিল ইমামি গ্রুপ। বৃহস্পতিবার রাতে লগ্নিকারীর তরফে পাঠান চুক্তিপত্রটি ক্লাবে এসে পৌছয়। তবে ততক্ষণে শেষ হয়ে গিয়েছে কর্ম সমতির বৈঠক। শর্তাবলীর বেশিরভাগ নিয়ে দুই পক্ষই ঐক্যমত্যে পৌছে গিয়েছে। ছোট দুটো শর্ত নিয়ে ক্লাব কিছুটা দ্বিধাগ্রস্ত। তবে কর্তারা বলছেন তা মিটে যাওয়া সময়ের অপেক্ষা।
আগে জানা গিয়েছিল শুক্রবার চুড়ান্ত স্বাক্ষর হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সামান্য বদলে গিয়েছে। হয়ত শনিবার বা নতুন সপ্তাহের প্রথম দিকেই সই হওয়ার সম্ভাবনা।
শেয়ার কত থাকতে পারে
ইস্টবেঙ্গল কর্তারা ৩০ শতাংশ শেয়ার দাবি করলেও তা তাঁরা পাচ্ছেন না। শোনা যাচ্ছে, ৭৬ থেকে ৮০ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখতে চাইছে ইমামি। বাকি শেয়ার থাকবে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। তবে চুক্তির চূড়ান্ত ড্রাফট না এলে এই বিষয় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্সে কতজন থাকতে পারেন?
নতুন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে ক্লাবের তরফ থেকে দুই নয়, তিন জন থাকতে পারেন। আর বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে সাত জন থাকতে পারেন বোর্ড অফ ডিরেক্টর্সে। শোনা যাচ্ছে ক্লাবের পক্ষ থেকে থাকতে পারেন ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে তৃতীয় ডিরেক্টর কে হবেন তা ঠিক হয়নি।