
নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফুটবলার জো জোহেরলিয়ানাকে দলে নেওয়ার চেষ্টা করছে ইমামি ইস্টবেঙ্গল। এমটাই খবর সূত্রের। নর্থ ইস্ট ইউনাইটেডের এই রাইটব্যাককে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে লাল-হলুদ।
মিজোরামের লেংপুই থেকে উঠে আসা এই ফুটবলারকে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। ২০১৭ সালে শিলং লাজং এফসি-র অ্যাকাডেমিতে সুযোগ পান জোহেরলিয়ানা। সেখান থেকেই শুরু হয় এই তরুণ ফুটবলারের কেরিয়ার। এরপর ছাংমারি এফসি, পুনে সিটি এফসির অনূর্ধ্ব-১৮ দলে খেলার পর, আইজল এফসি-তে খেলা শুরু করেন জোহেরলিয়ানা। ১ কোটি টাকায় ২০২০ সালে আইজল থেকে বেঙ্গালুরু এফসি-তে সই করেন তিনি। ২০২১ সালে যোগ দেন নর্থইস্ট ইউনাইটেডে। এতদিন সেই দলেই খেলছিলেন জোহেরলিয়ানা। এবার তিনি আসতে পারেন লাল-হলুদে। এমনটাই শোনা যাচ্ছে। যদিও এখনই নিশ্চিত করে কিছুই বলার সময় আসেনি।
ভারতের প্রথম সারির কোনও টুর্নামেন্টে সেভাবে খেলতে দেখা যায়নি জোহেরলিয়ানাকে। সুপার কাপে যদিও ৩টি ম্যাচ খেলেছেন তিনি। তবে আইএসএল-এ এখনও খেলা হয়নি তাঁর। সেক্ষেত্রে বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা না থাকা একটা সমস্যার হতে পারে। যদিও কার্লেস কুয়াদ্রাত সম্ভবত সে দিকে নজর রেখেই এগোচ্ছেন।
ইতিমধ্যেই ডুরান্ড কাপের ডার্বিতে জেতার পাশাপাশি দলকে কোয়ার্টার ফাইনালেও তুলেছেন কুয়াদ্রাত। ফলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম কেরল এফসি। ফাইনালে ফের মুখোমুখি হতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইমামি ইস্টবেঙ্গল। তার আগে ডার্বি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।