
ভারতের সঙ্গে ম্যাচ খেলতে না চাওয়া দিয়ে শুরু। একের পর এক নাটকীয় মোড়ের পর রবিবার অবশেষে টিম ইন্ডিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। আর টি-২০ বিশ্বকাপের এই চরম উত্তেজক ম্যাচে ঠিক আগের ৭ বারের মতো অষ্টমবারও লজ্জার হার হারল তারা। খেলা শুরুর আগে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে উৎসাহ জুগিয়েছিলেন, কিন্তু একের পর এক উইকেট পড়তে দেখে ম্যাচ শেষের আগেই পালালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। চুপিসারে তাঁর স্টেডিয়াম ছেড়ে গাড়িতে চড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। যা দেখে হেসে খুন নেটিজেনরা।
ভারতীয় বোলারদের দাপটের কাছে টিকতেই পারেনি পাক ব্যাটাররা। পরপর উইকেট পড়ছিল তাঁদের। এই চূড়ান্ত ব্যর্থতা আর বসে বসে স্বচক্ষে দেখতে পারেনি মহসিন নাকভি। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, স্কোরবোর্ডে তখন পাকিস্তানের রান ৬ উইকেটে ৭৮। স্টেডিয়ামের ভিতর আর দেখা যায়নি নকভিকে। কিছুক্ষণ পরই দেখা যায় স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে তাঁর হাড়ি। সেখানে ছিলেন নাকভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। যা দেখে সহজেই অনুমান করা যায়, তিনি লজ্জার হার দেখার জন্য খেলার শেষ হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে রাজি হননি।
উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন ICC চেয়ারম্যান জয় শাহ। তাঁর পাশের আসনে বসে সতীর্থদের দুরন্ত পারফর্ম্যান্স উপভোগ করতে দেখা যায় রোহিত শর্মাকে। এছাড়াও ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিছুন মিনহাস, সচিব দেবজিৎ শাইকিয়া। তবে মহসিন নকভির সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন জয় শাহ। তাঁদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা হওয়ার আগেই নাকভি স্টেডিয়াম ছেড়ে পালান। দলের শোচনীয় পরাজয়ের পর মুখ খুলতেও পারেননি তিনি। কোনও বিবৃতিও আসেনি তাঁর তরফে।
রবিবারের ম্যাচ ছিল একতরফা। পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে অনেত কাটাছেঁড়া করা হলেও তা প্রভাব ফেলেনি সেভাবে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। ঈশান কিশন ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।