
রবিবাসরীয় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। যাবতীয় বিতর্ক পেরিয়ে অবশেষে কলোম্বোতে মাঠে নামতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। ভারত-পাকিস্তানের অধিনায়করা কি শেষ পর্যন্ত টসের সময়ে হ্যান্ডশেক করবেন? এই নিয়ে এবার মুখ খুললেন পাক ক্যাপ্টেন সলমান আলি আগা।
তাঁর দল করমর্দন করার জন্য প্রস্তুত। জানালেন সলমান আলি আগা। খেলাধুলোর স্পিরিট বজায় রেখে এই ম্যাচটি হোক। চাইছেন পাক অধিনায়ক। রবিবারের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'হ্যান্ডশেক হবে কি না, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের উপরই নির্ভর করছে।' অর্থাৎ ভারতের ঘাড়েই ছাড়লেন সবটা
তবে পাক অধিনায়কের কথায় বরফ গলানোর ইঙ্গিত স্পষ্ট। সলমান আলি আগা বলেন, 'ক্রিকেট খেলাটিকে তার নিজস্ব স্পিরিটেই খেলা উচিত। আমার ব্যক্তিগত তামত গুরুত্বপূর্ণ না-ও হতে পারে তবে ক্রিকেট সবসময় যেভাবে খেলা হয়ে এসেছে, সেভাবেই খেলা উচিত। এবার ওরা কী করবে, সেটা ওদের সিদ্ধান্ত।কাল মাঠেই দেখা যাবে কী হয়।'
গত বছর পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে টিম ইন্ডিয়া টসের সময়ে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকেন। টসের সময়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক প্রত্যাখ্যান করেন এবং গ্রুপ পর্বের ম্যাচ জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা সৌজন্যবোধ দেখাননি, সরাসরি ডাগআউটে ফিরে যান।
এই ঘটনায় পাকিস্তান অসন্তোষ প্রকাশ করে এবং পরবর্তী ম্যাচ বয়কটের হুমকিও দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট টসের সময়ে অধিনায়কদের মধ্যে দুই অধিনায়কের মধ্যে করমর্দন ঠেকাতে হস্তক্ষেপ করেছিলেন। ম্যাচের পরদিন PCB চেয়ারম্যান মহসিন নকভি জানান, তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি লিখে ওই অ্যাম্পায়ারকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে সরানোর অনুরোধ করেছিলেন।
টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা করেছিল পাকিস্তান। তবে ICC-র চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা। সমস্ত নাটক ও জল্পনার অবসান হয়েছে কয়েকদিন আগে। রবিবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে তারা। তবে শেষ পর্যন্ত হ্যান্ডশেক করেন কি না সূর্যকুমার ও আগা, সেটাই এখন দেখার।