
প্রায় দু'বছর পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফিরছে আইপিএল (IPL)। এমন সিদ্ধান্তই নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। ২৪ এবং ২৫ মে নন্দনকাননে বসতে চলেছে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ। আর তারই প্রস্তুতিতে সোমবার ইডেনে সব ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন বিসিসিআইয়ের (BCCI) প্রতিনিধিরা। শোনা যাচ্ছে, আইপিএল-এর বাকি প্লে অফের ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হতে পারে আহমেদাবাদ।
সোমবার বিসিসিআইয়ের এক প্রতিনিধি দল আসে ইডেন পরিদর্শন করতে। এসে খতিয়ে দেখলেন সব সুযোগ সুবিধা। মাঠ, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো দেখে খুশি তারা। পরে বৈঠক করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে।
এই নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, "ইডেন পরিদর্শন করে সন্তুষ্ট বোর্ডের প্রতিনিধিরা। ২৪ এবং ২৫ মে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ হবে ইডেনে।"
বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি জানিয়েছেন এবারের আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানও খুব জাঁকজমক করে করবে বিসিসিআই (BCCI)।
করোনার (Covid-19) প্রকোপে দুই বছর আইপিএল বাইরে করতে হয়েছে। গত মরশুমে প্রথম পর্ব ভারতে হলেও একাধিক ক্রিকেটার সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত করতে হয়। তাই গত দুই বছর আইপিএল দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন শহরবাসী। কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ দর্শকরা বঞ্চিত থেকে গিয়েছেন। তবে এবার সেই আক্ষেপ মিটতে চলেছে। সৌরভ বলেন, ''প্লে অফের সমস্ত ম্যাচে ১০০ শতাংশ দর্শক মাঠে থাকতে পারবেন। তিনটি প্লে অফের ম্যাচ কলকাতা ও আমদাবাদে খেলা হবে।''
আইপিএল-এর গ্রুপ লিগের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে। ১০ দলের এই প্রতিযোগিতায় ৭০টি গ্রুপ লিগের ম্যাচ হবে। তারপর শুরু হবে প্লে অফের খেলা।