
বিশ্বকাপজয়ী ওপেনার অভিষের শর্মার জনপ্রিয়তা দেখে নাকি সতীর্থরাও হিংসে করতে শুরু করেছিলেন। মজার ছলে সে কথা ফাঁস করে দিলেন এবারের টি-২০ ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স সঞ্জু স্যামসন। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬-এ এসে তিনি বলেন, 'টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল যেখানেই সফর করত, ফ্যানেরা শুধু অভিষেকের জন্যই ভিড় জমিয়ে ফেলত।'
সঞ্জু স্যামসন হাসতে হাসতে বলেন, 'আগে আমরা অভিষেকের ফ্যান ফলোয়িং দেখে একটু হিংসেই করতাম। চারিদিকে শুধু অভিষেক আর অভিষেক চিয়ার শুনতে পেতাম। তখন ভাবতাম, সবাই কি শুধু ওকেই দেখে নাকি!' তিনি আরও মজা করে অভিষেককে দ্রুত বিয়ে করার পরামর্শ দেন। যাতে দলের অন্য ক্রিকেটাররাও একটু পাত্তা পান। সঞ্জুর কথায়, 'এখন তো ও দলের সুপারস্টার। তাড়াতাড়ি বিয়ে করো ভাই।'
অভিষেক কি পরবর্তী বড় তারকা প্লেয়ার?
ভারের এই তরুণ ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত উত্থান ঘটিয়েছেন। IPL ২০২৪-এর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অভিষেক শর্মার। প্রথম সিজনেই টি-২০ আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন অভিষেক।
IPL-এ আগেই জনপ্রিয় ছিলেন অভিষেক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে বড় রান করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। খুব অল্প সময়েই তিনি ভারতের ICC মেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।
তবে বিশ্বকাপের শুরুতে অসুস্থতার কারণে তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না এবং স্পিন বোলিংয়ের বিরুদ্ধে কিছুটা সমস্যায় পড়েন। পরে ফাইনালে আবার নিজের ছন্দ ফিরে পান। তাঁর হাই স্ট্রাইক রেটে রান করার ক্ষমতা এবং ঝুঁকিপূর্ণ খেলার মধ্যেও ধারাবাহিকতা বজায় রাখার দক্ষতার কারণে অনেকেই অভিষেককে টি-২০ ক্রিকেটের পরবর্তী বড় সুপারস্টার হিসেবে দেখছেন।
সব ফরম্যাটে খেলতে চান অভিষেক
কনক্লেভে অভিষেক শর্মা জানান, তিনি ভারতের হয়ে সব ফরম্যাটে খেলতে চান, বিশেষ করে ওয়ান ডে। অভিষেক বলেন, 'আমার চূড়ান্ত লক্ষ্য হল ভারতের হয়ে যতগুলি ফরম্যাটে সম্ভব খেলা। তবে এখন আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না কারণ অনেক কিছুই আমার হাতে নেই।' তিনি আরও বলেন, 'গত ২ বছরে যুবরাজ সিংয়ের কাছ থেকে শিখেছি, যেসব বিষয় নিজের নিয়ন্ত্রণে নেই সেগুলি নিয়ে চিন্তা না করে নিজের পারফরম্যান্সে মন দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
টার্গেট IPL
কিছুদিনের মধ্যেই IPL-এ ফের দেখা যাবে অভিষেক শর্মাকে। তিনি সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন।