
বয়স সবে ১৬। তার মধ্যেই বিশ্ব টিম টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিলেন বাংলার সিন্ড্রেলা দাস। এপ্রিলের শেষে লন্ডনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। স্বভাবতই এই বাঙালি প্যাডলারই সেই দলের কনিষ্ঠতম সদস্য। সিন্ড্রেলা সহ যারা এই দপলে আছেন তাঁরা সকলেই প্রতিষ্ঠিত। তাদের মধ্যে থেকেই নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে বঙ্গ তনয়া।
আর কারা আছেন দলে?
সিন্ড্রেলা ছাড়াও মনিকা বাত্রা, শ্রীজা আকুলা, দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপড়ে। অন্যদিকে, পুরুষদের দলে রয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, জি সাথিয়ান, হরমিত দেশাই ও পায়াস জৈন। কোচ হিসেবে থাকছেন দুই বঙ্গসন্তান সৌরভ চক্রবর্তী ও সোমনাথ ঘোষ। সৌম্যজিত রায় এবং পৌলমী ঘটকের ছাত্রী সিন্ড্রেলা মহিলা সিঙ্গলসে বর্তমানে দেশের দু'নম্বর ৷ বিশ্বের ১৫২ নম্বর।
এই মুহূর্তে তিউনিশিয়ায় ডব্লিউ টিটি কন্টেন্ডারে খেলেছে কলকাতা-কন্যা ৷ এই বছরেই চেন্নাইয়ে স্টার কন্টেন্ডারে সুযোগ পেয়েছিল সিন্ড্রেলা ৷ বয়স কম হলেও প্রতিভার জোরেই ভারতীয় দলের প্রথম সারিতে চলে এসেছে ৷ একের পর এক প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য তাঁকে দেশের দু'নম্বর নিয়ে এসেছে। লন্ডনে এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দু'টি শিবির হবে। একটি হবে যার মধ্যে একটি হবে ১৩ এপ্রিল থেকে বেঙ্গালুরুতে। এরপর ছ'দিনের শিবির হবে শেফিল্ডে।
কলকাতার প্যাডলার বলেন, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়া আমার কাছে বিরাট ব্যাপার ৷ এবার মণিকা দি, সৃজা দি'র থেকে অনেক কিছু শিখতে পারব ৷ এছাড়াও সারা বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলবেন, তাঁদের দেখেও শেখার সুযোগ রয়েছে ৷ ভালো করে শিখতে চাই ৷'
সিন্ড্রেলার সংযোজন, 'আমি তো সিনিয়র দলে সবে শুরু করেছি। দেশের জার্সিতে খেলার চাপ বুঝতে পারি ৷ তবে ম্যাচে নামলে এত কিছু মাথায় থাকে না ৷ সব ম্যাচ জেতাই লক্ষ্য থাকে ৷' বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ভারত খেলবে স্লোভাকিয়া, তিউনিশিয়া এবং গুয়াতেমালার বিরুদ্ধে ৷ অন্যদিকে মেয়েদের প্রতিপক্ষ ইউক্রেন, উগাণ্ডা এবং রুয়াণ্ডা ৷