
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডে সাদা বলের সফরে ভারতের দলে নেওয়া উচিত বৈভব সূর্যবংশীকে। IPL ২০২৬-এ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে গুয়াহাটিতে সোমবার সূর্যবংশী মাত্র ১৫ বলে অর্ধশতরান করে দলকে ৮ উইকেটে জিততে সাহায্য করেছেন।
যদি সূর্যবংশী ইংল্যান্ড সফরে খেলেন, তাহলে সে ভারতের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডেবিউ করা খেলোয়াড় হবে। বর্তমানে এই রেকর্ডটি সচিন তেন্ডুলকরের দখলে আছে। তিনি ১৯৮৯ সালে করাচিতে ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে ডেবিউ করেছিলেন। মাইকেন ভন বলেন, 'সূর্যবংশীকে ছোটবেলাতেই ভারতীয় দলে পরিবেশের সঙ্গে পরিচিত করানো উচিত।'
ক্রিকবাজে মাইকেল ভন বলেন, 'আমি একটু আগেই ভাবছি কারণ IPL এখন সবে শুরু হয়েছে। কিন্তু কয়েক মাস পর ইংল্যান্ডে সাদা বলের সফর আছে। আমি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের জায়গায় থাকতাম, তাহলে ওকে সেই সফরে নিয়ে যেতাম।' তিনি আরও বলেন, 'আমি বলছি না, ও সরাসরি একাদশে খেলবে। দলে ইতিমধ্যেই অনেক খেলোয়াড় আছে। কিন্তু ওকে দলে নিয়ে এসে সেই পরিবেশে অভ্যস্ত করা দরকার। যদি এক-দু'টি ম্যাচ খেলতে পারে, সেটা খুব ভাল হবে। তবে মূল লক্ষ্য হল, ওকে সেই সফরে নেওয়া।'
অন্যদিকে, ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'এই তরুণ খেলোয়াড়কে স্বাভাবিক ভাবে উন্নতি করতে দেওয়া উচিত। এখনই ওর উপর অতিরিক্ত চাপ দেওয়ার দরকার নেই।' অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, 'ওকে এমন লক্ষ্য দিও না। ও এখনও বাচ্চা। যদি ধোনি ৪৫ বছর পর্যন্ত থেলে তাহরে ওর সামনে আরও অনেক বছর সময় আছে। ওকে নিজের মতো এগোতে দাও। সময় হলে ও নিজেই উঠে আসবে।'
তিনি আরও বলেন, 'ও এত ভাল খেলোয়াড়, ভারতের হয়ে খেলবেই। এটা নিশ্চিত। কিন্তু কখন খেলবে সেটা জানতে একটু অপেক্ষা করতে হবে। আমরা সবসময় এত তাড়াহুড়ো করি কেন?'
ভারতীয় দলে সুযোগ পাওয়ার আলোচনা শুরু হয়ে গেলেও সূর্যবংশী এখনও তার ভাল ফর্ম বজায় রাখার দিকেই মন দিচ্ছে। রাজস্থান রয়্যালসের হয়ে পরবর্তী ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। ম্যাচটি ৩ এপ্রিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।