
ভারতের ইউনিফায়েড পেমেন্ট ইন্টাফেস বা UPI-এর প্রশংসা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বুধবারই এই পেমেন্ট সিস্টেমের প্রশংসা করেন। তাঁর দাবি, ভারত এমন একটা জিনিস তৈরি করেছে, যেটা অন্য কোনও দেশ করতে পারেনি। ভারত ১৪০ কোটির জন্য ডিজিটাল আইডেন্টিটি তৈরি করেছে।
প্রসঙ্গত, দিল্লিতে ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ চলছে। সেখানে হাজির হয়েছেন ম্যাক্রোঁ। সেখানেই ইউপিআই-এর প্রশংসা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বলেন, '১০ বছর আগে মুম্বইয়ের একজন রাস্তার ধারের বিক্রেতার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির করাও কঠিন ছিল। তাদের ছিল না কোনও ঠিকানা, কোনও নথি। আজ সেই ভেন্ডরই পেমেন্ট নিচ্ছে ফোনে। ইনস্ট্যান্ট নেওয়া হচ্ছে টাকা। কোনও বাড়তি টাকা খরচ হচ্ছে না।'
তাঁর আরও বক্তব্য, 'ভারত এমন একটা জিনিস তৈরি করেছে, যেটা অন্য কোনও দেশ তৈরি করেনি। দেশের ১৪০ কোটি মানুষকে ডিজিটাল আইডেন্টিটি দিয়েছে।' আর এই কথাটা বলার পরই হাততালিতে ফেটে পড়ে গোটা এলাকা।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান
নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ম্যাক্রোঁ। তিনি বলেন, 'এখানে আবার এসে ভাল লাগছে।'
তাঁর মতে, ভারত এআই সম্মেলন আয়োজন করেছে। এর মাধ্যমে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা এগিয়ে যাবে।
যদিও এই প্রথমবারের জন্য ইউপিআই নিয়ে নিজের মতামত জানালেন না ম্যাক্রোঁ। এর আগে ২০২৪ সালে ভারতে এসেছিলেন তিনি। তখনও মোদী নিজের ফোন থেকে স্থানীয় একটি দোকানে বিল দেন। আর সেই দৃশ্য দেখেই আপ্লুত হয়ে গিয়েছিলেন ম্যাক্রোঁ।
মাথায় রাখতে হবে, ইউপিআই একটি দারুণ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল থেকে সহজেই যে কোনও অর্থ মিটিয়ে দেওয়া যায়। আর সেটা দেখেই চমকে যান অনেক রাষ্ট্রনেতা। তাঁরা বুঝতেই পারেন না কীভাবে এই বিরাট জনসংখ্যার একটি দেশ এমন একটি প্রযুক্তি তৈরি করে ফেলল!
রাফাল চুক্তিও মাথায় রয়েছে
এআই সামিটের মাঝেই ভারতের সঙ্গে রাফাল নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর কথা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে ভারত আরও কিছু অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের থেকে কিনতে চায়। অপারেশন সিঁদুরের পর এই জল্পনা আরও বাড়ে। এমনকী একাধিকবার ভারতের সঙ্গে এই বিষয়ে ফ্রান্সের কথাও হয়। আর শোনা যাচ্ছে, এই সফরে রাফাল নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও ম্যাক্রোঁর কথা হয়ে থাকতে পারে।