
New Hyundai Exter Launch Specs:ভারতের অটোমোবাইল বাজারে ছোট এসইউভি (Micro SUV) বা উঁচু হাচব্যাক গাড়ির জনপ্রিয়তা এখন তুঙ্গে। সেই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া লাগাতে শুক্রবার হুন্ডাই ইন্ডিয়া লঞ্চ করল তাদের জনপ্রিয় মডেল ‘এক্সটার’-এর ২০২৬ ফেসলিফট সংস্করণ। মাত্র ৫.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে বাজারে আসা এই গাড়িটি ডিজাইন, প্রযুক্তি এবং নিরাপত্তার নিরিখে আগের থেকে অনেক বেশি শক্তিশালী। টাটা পাঞ্চকে সরাসরি টেক্কা দিতে হুন্ডাই এবার তাদের তুরুপের তাস হিসেবে সাজিয়ে তুলেছে এই ফেসলিফট মডেলটিকে।
হুন্ডাইয়ের দাবি, নতুন এক্সটারে প্রায় ২৫টিরও বেশি পরিবর্তন আনা হয়েছে। বাইরের লুকে আগের থেকে অনেক বেশি বোল্ড ভাব ফুটিয়ে তোলা হয়েছে নতুন ব্ল্যাক গ্রিল, আপডেট হওয়া বাম্পার এবং নতুন ডিজাইনের ১৫ ইঞ্চি ডায়মন্ড-কাট অ্যালয় হুইল দিয়ে। গাড়ির পেছনের অংশেও স্পোর্টি স্পয়লার এবং নতুন টেইলগেট ডিজাইন একে এক অনন্য মাত্রা দিয়েছে। শুধু বাইরেই নয়, অন্দরসজ্জাতেও এসেছে আমূল বদল। প্রিমিয়াম নেভি ব্লু এবং গ্রে ডুয়াল-টোনের ক্যাবিন, স্পোর্টি ডি-কাট স্টিয়ারিং হুইল এবং সেগমেন্টে প্রথম মেটাল পেডাল। সব মিলিয়ে ছোট এই গাড়িটির ভেতর এখন অনেক বেশি আধুনিক।
নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করতে নারাজ হুন্ডাই। নতুন এক্সটারে এখন ৪৫টির বেশি সেফটি ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC) এবং হিল-স্টার্ট অ্যাসিস্টের মতো ৩০টি ফিচার সমস্ত ভেরিয়েন্টেই স্ট্যান্ডার্ড হিসেবে পাওয়া যাবে।
মেকানিক্যাল দিক থেকে ১.২ লিটার কাপা পেট্রোল ইঞ্জিনটি অপরিবর্তিত রাখা হয়েছে, যা ম্যানুয়াল এবং এএমটি, উভয় অপশনেই মিলবে। এছাড়া যারা সিএনজি পছন্দ করেন, তাদের জন্য ডুয়াল-সিলিন্ডার সেটআপের ‘হাই-সিএনজি ডুয়ো’ ভেরিয়েন্টও থাকছে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এমন ঠাসা ফিচার সমৃদ্ধ গাড়ি যে বাজারের সমীকরণ বদলে দেবে, তা বলাই বাহুল্য।