
লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের কাছে অষ্টম বেতন কমিশন দীর্ঘদিনের প্রতীক্ষার বিষয়। সম্প্রতি সংসদে একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী নিশ্চিত করেছেন, সরকার আনুষ্ঠানিক ভাবে ৩ নভেম্বর, ২০২৫-এ অষ্টম বেতন কমিশন গঠন করেছে। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। তবে এখনও বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে তাদের মনে।
কবে থেকে বর্ধিত বেতন হাতে মিলবে?
যদিও অষ্টম বেতন কমিশন কাগজে-কলমে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা, বাস্তবে কর্মচারীদের হাতে বাড়তি বেতন পৌঁছতে আরও সময় লাগতে পারে।
GenZCFO-র প্রতিষ্ঠাতা মণীশ মিশ্র সম্ভাব্য সময়ের ব্যাখ্যা দিয়ে বলেন, 'বাস্তবে বর্ধিত বেতন কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ বছরের শেষের দিকে বা ২০২৬-২৭ অর্থবর্ষে পৌঁছতে পারে। আগের বেতন কমিশনগুলির ক্ষেত্রেও এমন দেরি দেখা গিয়েছিল।'
কর্মচারীরা কি এরিয়ার পাবেন?
হ্যাঁ, এরিয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদিও সংশোধিত বেতন পরে দেওয়া হবে, তা গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৬ থেকেই। যেদিন সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়। মণীশ মিশ্র আরও বলেন, 'বেতন কমিশনের সুপারিশ অনুমোদনের পর বাস্তবে টাকা দেওয়া হলেও বকো হিসেব করা হবে ১ জানুয়ারি ২০২৬ থেকেই।'
কতটা বেতন বৃদ্ধি হতে পারে?
এখনও পর্যন্ত বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে প্রাথমিক ভাবে মাঝারি হারের বৃদ্ধির আশা করা হচ্ছে।
কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ভিশন অফিসার প্রতীক বৈদ্য বলেন, 'বর্তমান প্রত্যাশা মূলত আগের বেতন কমিশন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে।'
উল্লেখ্য, ষষ্ঠ বেতন কমিশনে গড়ে প্রায় ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল। সপ্তম বেতন কমিশনে মোট প্রভাব ছিল প্রায় ২৩-২৫ শতাংশ। এই হিসেব অনুযায়ী, অষ্টম বেতন কমিশনেও একটি মাঝারি মাত্রার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।