
রবিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট। আর এই বিশেষ দিনে শেয়ারবাজারে ছিল অস্থিরতা। সকালে লাভের মুখ দেখলেও বাজেট ঘোষণার পরই পড়ে যায় সেনসেক্স, নিফটি। এ দিন ২৪০০ পয়েন্টের কাছাকাছি নেমে গিয়েছে সেনসেক্স। ৮০৫০০ পয়েন্টের আশপাশে রয়েছে সূচক। ও দিকে নিফটির অবস্থাও খারাপ। এটিও নেমে এসেছে ২৫৫০০ পয়েন্টের নীচে। যার ফলে বিরাট লোকসান হয়েছে বিনিয়োগকারীদের।
কেন নামল সেনসেক্স এবং নিফটি?
সেনসেক্স এবং নিফটি, দুইই পড়েছে আজ। এর পিছনে STT ট্যাক্স বৃদ্ধি রয়েছে বলে মনে করা হচ্ছে।
এ দিনের বাজেটে নির্মলা সীতারমন সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। তিনি ফিউচার ট্রেডিংয়ে এসটিটি ০.০২৫ শতাংশ থেকে বাড়িয়ে করে দিয়েছেন ০.০৫ শতাংশ। শুধু তাই নয়, অপশন ট্রেডিংয়ের এসটিটি বৃদ্ধি পেয়েছে ০.১ শতাংশ থেকে ০.১৫ শতাংশ।
আর এই ঘোষণার পরই দ্রুত পড়েছে শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্সে শেয়ারের দাম ক্রমশ কমছে। এটির ফলে ৮ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে।
মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে?
নির্মলার ঘোষণার পর থেকেই কমেছিল সেনসেক্স এবং নিফটি। যদিও তারপর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার বেশ কিছু সুবিধা দিয়েছে ভারতের একধিক সেক্টরকে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ১০ হাজার কোটি খরচা হবে বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ডেটা সেন্টার এবং এআই নিয়েও হয়েছে বিরাট ঘোষণা। এছাড়া বস্ত্রশিল্প নিয়েও একাধিক ঘোষণা করছে মোদী সরকার। যার ফলে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
সোমবারের জন্য অপেক্ষা
হঠাৎ করে বড় পতন এসেছে মার্কেটে। বাজারের সব বড় সংস্থার হাল হয়েছে খারাপ। আর এমন পরিস্থিতিতে অনেকেই অপেক্ষা করছেন সোমবারের। ওই সব দিন কিছু বিনিয়োগকারী কম দামে কিছু স্টক কিনতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরাও ওই দিন ভারতের মার্কেটে করতে পারে প্রবেশ। যদিও সেই দিনও সেনসেক্স, নিফটির উপর চাপ থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং এখন সাবধান থাকতে হবে। দেখে বুঝে করতে হবে বিনিয়োগ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।