
যুবসাথীর জন্য ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করা হবে। ক্যাম্পে এসে করতে হবে আবেদন। তাহলেই মিলবে যুবসাথীর টাকা বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ যুবসাথী নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'যুবসাথী প্রকল্পটা নতুন করে করা হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সীরা পাবেন। মাধ্যমিক পাশ করলেই মিলবে।'
এরপরই যুবসাথীর ক্যাম্প নিয়ে কথা বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এই ক্যাম্পে ৪টি বিভাগের ৪ জন করে থাকবেন। দুয়ারে সরকারের মতো করে হবে ক্যাম্প।'
কবে ক্যাম্প হবে?
এই বিষয়টাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। ছুটির দিনগুলি বাদ দিয়ে সকাল ৬টা থেকে বিকেল ৫টা অবধি চলবে এই ক্যাম্প।'
ডিজিটাল নয়
আগে মনে করা হচ্ছিল যুবসাথীর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করবে সরকার। যদিও আজ পরিষ্কার হয়ে গেল যে এমনটা হবে না। ডিজিটাল নয়, বরং ক্যাম্পে গিয়েই করতে হবে আবেদন। তাহলেই মিলবে যুবসাথীর টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, 'অনেকের অনলাইনে সমস্যা হয়। তাই ক্যাম্পে গিয়েই আবেদন করতে হবে। আমাদের কাছে স্কলারশিপ সহ সব তথ্য রয়েছে। কোনও সমস্যা হবে না।'
কবে থেকে দেওয়া হবে টাকা?
যুবসাথী প্রকল্পের জন্য কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই প্রকল্প চালুর সময়টাও এগিয়ে আনা হয়েছে। এ দিন তিনি জানিয়েছেন, ১৫ অগাস্ট নয়, ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে যুব সাথী প্রকল্প। এপ্রিলে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়। তাই সেই দিন থেকে শুরু করা হবে এই প্রকল্প। অর্থাৎ সরকারের পক্ষ থেকে দ্রুত গতিতে এই প্রকল্প চালু করা হচ্ছে।
আবার রিনিউ হবে
এতদিন মনে করা হচ্ছিল, এই প্রকল্প মাত্র ৫ বছর মিলবে টাকা। তবে সেই এ দিন সেই ভুল ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন যে প্রথমে ৫ বছর মিলবে এই টাকা। তারপর আবার রিনিউ করা হবে। তাঁর কথায়, 'আগামী ৫ বছর ১৫০০ টাকা করে পাবে। তারপর আবার রিনিউ হবে।'
তাই যুবসাথীর টাকা চাইলে ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হন। সেখানে গিয়ে ফিলআপ করে দিন ফর্ম। তাহলেই টাকা পাবেন। যতদিন বেকার থাকবেন, ততদিন পাবেন আর্থিক সাহায্য।