
Provident Fund New Rules: প্রভিডেন্ট ফান্ড সদস্যদের জন্য বড় সুখবর। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO) খুব শিগগিরই ইউপিআই-ভিত্তিক পিএফ তোলার ব্যবস্থা চালু করতে চলেছে। এই নতুন ব্যবস্থার ফলে আর দীর্ঘ অপেক্ষা বা জটিল কাগজপত্রের ঝামেলা ছাড়াই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে।
ইপিএফও সূত্রে খবর, এই ব্যবস্থায় সদস্যরা মোবাইলের মাধ্যমেই নিজেদের যোগ্য টাকার পরিমাণ দেখতে পারবেন। এরপর ইউপিআই পিন ব্যবহার করে তাত্ক্ষণিকভাবে টাকা ট্রান্সফারের অনুমোদন দিতে পারবেন। পুরো প্রক্রিয়াটিই হবে ডিজিটাল এবং স্বচ্ছ।
নতুন ব্যবস্থায় পিএফ থেকে আংশিক টাকা তোলার জন্য থাকা ১৩টি আলাদা নিয়মকে কমিয়ে তিনটি মূল বিভাগে আনা হচ্ছে। এই বিভাগগুলি হল জরুরি প্রয়োজন, বাড়ি বা আবাসন সংক্রান্ত খরচ এবং বিশেষ পরিস্থিতি। এর ফলে নিয়ম বুঝতে যেমন সুবিধা হবে, তেমনই দ্রুত নিষ্পত্তিও সম্ভব হবে।
ইপিএফও জানিয়েছে, যেসব দাবি নির্দিষ্ট শর্ত পূরণ করবে, সেগুলি সর্বোচ্চ তিন দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মিটিয়ে দেওয়া হবে। বর্তমানে বহু ক্ষেত্রে এই প্রক্রিয়ায় সপ্তাহের পর সপ্তাহ সময় লেগে যায়।
তবে সম্পূর্ণ পিএফ তোলা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী সদস্যদের ইপিএফ কর্পাসের অন্তত ২৫ শতাংশ বাধ্যতামূলকভাবে অ্যাকাউন্টে রেখে দিতে হবে। বাকি অংশ থেকেই নির্দিষ্ট প্রয়োজনে টাকা তোলার অনুমতি মিলবে।
এই পরিবর্তনের ফলে প্রায় ৮ কোটি ইপিএফ সদস্য সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। প্রতি বছর গড়ে ৫ কোটির বেশি পিএফ ক্লেম জমা পড়ে। নতুন ব্যবস্থায় হাতে-কলমে কাজ কমবে, ফলে দেরি ও ভুলের সম্ভাবনাও অনেকটাই কমবে।
উল্লেখ্য, কোভিড মহামারির সময় থেকেই ইপিএফও অটো-সেটলমেন্ট চালু করেছিল, যার সীমা বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এবার ইউপিআই ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। আধার-লিঙ্কড কেওয়াইসি যাচাই থাকায় সুরক্ষাও বজায় থাকবে।
সব ঠিকঠাক চললে ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই ‘EPFO 3.0’ প্রকল্পের আওতায় এই পরিষেবা চালু হতে পারে। যদিও তার আগে সফটওয়্যার সংক্রান্ত কিছু কাজ শেষ করা এবং শ্রম মন্ত্রকের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়া প্রয়োজন।