
চার চাকার মালিকদের জন্য জরুরি তথ্য। ন্যাশনাল হাইওয়েতে টোল ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এবার খরচ বাড়তে চলেছে। কারণ FASTag-এর অ্যানুয়াল পাসের দাম বৃদ্ধি করল NHAI। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই পাসের দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
NHAI-এর তরফে জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে FASTag-এর বাৎসরিক পাসের দাম ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০৭৫ টাকা করা হয়েছে। এই পাসটি প্রাইভেট গাড়ি, জিপ ও ভ্যানের মতো কমার্শিয়াল নয় এমন গাড়ির জন্য প্রযোজ্য হবে।
FASTag অ্যানুয়াল পাস কী?
গত বছর স্বাধীনতা দিবসে FASTag অ্যানুয়াল পাস চালু করা হয়। ন্যাশনাল হাইওয়েগুলিতে ঘন ঘন টোল দেওয়ার ঝামেলা কমাতে ও ডিজিটাল টোল সংগ্রহকে উৎসাহিত করতেই এই পাসের শুরু করেছিল NHAI। এই প্রজেক্টের আওতায় বৈধ FASTag সহ যেকোনো প্রাইভেট গাড়ি এই পাস পেতে পারে। একবার চালু করা হলে এই অ্যানুয়াল পাসটি এক বছর বা সর্বাধিক ২০০টি ট্রিপের জন্য (যেটি আগে আসবে) বৈধ থাকবে।
FASTag অ্যানুয়াল পাস-এর জনপ্রিয়তা বাড়ছে
MoRTH-এর দেওয়া তথ্য অনুসারে, FASTag অ্যানুয়াল পাসের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে, সারা দেশে ৫০ লক্ষেরও বেশি গাড়ির মালিক FASTag অ্যানুয়াল পাস ব্যবহার করছেন। মজার বিষয় হল, ব্যক্তিগত গাড়ির প্রায় ২৮ শতাংশ টোল লেনদেন এখন এই অ্যানুয়াল পাস ব্যবহার করেই হয়। ফলে এই উদ্যোগ যে দারুণ সফল, তাতে কোনও সন্দেহ নেই।
FASTag অ্যানুয়াল পাস কীভাবে পাবেন?
যদি নিয়মিত কোনও ব্যক্তি ন্যাশনাল হাইওয়েতে নিয়মিত ভাবে সফর করেন এবং এখনও FASTag অ্যানুয়াল পাস না থাকে, তাহলে সড়ক পরিবহন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট এবং রাজমার্গ যাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে এটির জন্য আবেদন করতে পারেন।
FASTag-লিঙ্কযুক্ত অ্যাকাউন্টে লগ ইন করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। এরপর UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করলেই FASTag-এর সঙ্গে পাসটি যুক্ত হয়ে যাবে।