
Honda CB125 Hornet vs TVS Raider 125 Comparison: একটা সময় ছিল, যখন বাইকের দু'টি স্পষ্ট, আলাদা সেগমেন্ট ছিল। একটি ১০০ থেকে ১৫০ সিসি পর্যন্ত। অন্যটা তার উপরে। এই ১০০ থেকে ১৫০ সিসি পর্যন্ত সেগমেন্টে মাইলেজ আর রিলায়াবিলিটিই সব ছিল। বাইক কেমন দেখতে বা পিক আপ কেমন, তাই নিয়ে কেউ মাথা ঘামাত না। কিন্তু সময় পাল্টেছে। এখন নতুন জেনারেশন হু-হু করে বাইক কিনছে। তাদের বাজেট কম। কিন্তু সেই কম বাজেটেই তারা ভাল পারফরম্যান্স, ফুয়েল ইকোনমি আর স্টাইলিশ লুক্স চাইছে। আর সেই কারণেই গত কয়েক বছরে ভারতে ১২৫ সিসি সেগমেন্টের জনপ্রিয়তা বেড়েছে। প্রায় প্রতিটি কোম্পানিই এই রেঞ্জে স্পোর্টি কমিউটার মোটরসাইকেল আনছে। এই সেগমেন্টের নবতম সংযোজন Honda CB125 Hornet। অন্য দিকে আগে থেকেই জনপ্রিয় মডেল TVS Raider 125। দাম, ভ্যারিয়েন্ট, ইঞ্জিন ও রঙের অপশনের দিক থেকে এই দুই বাইকের মধ্যে কোনটা বেটার? সেই বিষয়েই আলোচনা করা হবে এই প্রতিবেদনে।
দাম ও ভ্যারিয়েন্ট
২০২৫ সালের অগাস্টে Honda CB125 Hornet লঞ্চ হয়েছিল। এক্স-শোরুম দাম প্রায় ১.১২ লক্ষ টাকা (গুরগাঁও)। একটিই ভ্যারিয়েন্টে পাবেন। যেকোনও Honda ডিলারশিপে পাওয়া যাবে।
অন্য দিকে TVS Raider 125 একাধিক ভ্যারিয়েন্টে পাবেন। মোট সাতটি ট্রিমে এই বাইকটি পাবেন। Drum, Single Seat, Split Seat, iGo, SSE, SXC DD এবং TFT DD। এক্স-শোরুম দাম ৮২ হাজার টাকা থেকে ৯৭,০৫০ টাকা (দিল্লি) পর্যন্ত। অর্থাৎ এর টপ মডেলও অনেকটাই সস্তা। ফলে দামের নিরিখে Raider 125 এগিয়ে। Raider-এর টপ ভ্যারিয়েন্টও CB125 Hornet-এর তুলনায় প্রায় ১৫ হাজার টাকা সস্তা। বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে পার্থক্য প্রায় ৩০ হাজার টাকা। এটুকুই অনেক ক্রেতার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
কালার অপশন
Honda CB125 Hornet চারটি অপশনে পাওয়া যায়। এর মধ্যে তিনটি ডুয়াল-টোন
1. Pearl Siren Blue with Lemon Ice Yellow
2. Pearl Siren Blue with Athletic Blue Metallic
3. Pearl Siren Blue with Sports Red
4. Pearl Igneous Black।
অন্য দিকে TVS Raider 125 রঙের অপশনে অনেক এগিয়ে। এই বাইকটি মোট ১০টি রঙে পাবেন। Striking Red, Deadpool, Wolverine, Black Panther, Iron Man, Nardo Grey, Wicked Black, Blazing Blue, Forza Blue এবং Fiery Yellow। SSE ভ্যারিয়েন্টে Marvel-থিমের চারটি স্পেশাল রঙও রয়েছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Honda CB125 Hornet-এ ১২৩.৯৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন পাবেন। ৭৫০০ rpm-এ ১১ bhp পাওয়ার এবং ৬০০০ rpm-এ ১১.২ Nm টর্ক জেনারেট করে। ফাইভ-স্পিড গিয়ারবক্স রয়েছে। ০-৬০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে সময় লাগে মাত্র ৫.৪ সেকেন্ড। এটি এই সেগমেন্টে দ্রুততম।
অন্য দিকে TVS Raider 125-এ ১২৪.৮ সিসি সিঙ্গল-সিলিন্ডার এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন পাবেন। ১১.২ bhp পাওয়ার এবং ১১.২ Nm টর্ক জেনারেট করে। iGo Assist ভ্যারিয়েন্টে টর্ক ১১.৭৫ Nm। ৫-স্পিড ট্রান্সমিশন। Raider-এর ০-৬০ কিমি/ঘণ্টা অ্যাক্সেলারেশন টাইম ৫.৮ সেকেন্ড।
কোনটি এগিয়ে?
পারফরম্যান্সের দিক থেকে Honda CB125 Hornet সামান্য এগিয়ে। তবে দামের নিরিখে TVS Raider 125 অনেকটাই সস্তা। সেই সঙ্গে Raider-এ ভ্যারিয়েন্ট ও রঙের অপশনও বেশি। ফলে বাজেট ও ফিচারের উপর নির্ভর করেই ক্রেতাদের সিদ্ধান্ত নিতে হবে।