
আমজনতার জন্য দারুণ সংবাদ। মঙ্গলবার থেকে গ্রাহকদের জন্য তিনটি প্রিমিয়াম সার্ভিস শুরু করল ইন্ডিয়া পোস্ট। '২৪ স্পিড পোস্ট', '২৪ স্পিড পোস্ট পার্সেল' ও '৪৮ স্পিড পোস্ট সার্ভিস'- এই তিনটি পরিষেবার মাধ্য়মে জরুরি ও সময়ভিত্তিক ডেলিভারি সিস্টেম চালু করছে ভারতীয় ডাক বিভাগ। মঙ্গলবার এই পরিষেবাগুলির সূচনা করেন কেন্দ্রীয় কমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "এর মাধ্যমে ইন্ডিয়া পোস্টের জন্য একটি নতুন যুগের সূচনা হল।" তাঁর দাবি, ভারতের ই-কমার্স বাজার বর্তমানের ১১ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে।
দেশের ৬টি শহরে চালু করা হয়েছে এই পরিষেবা
৬টি মেট্রো শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। সেগুলি হল - দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। পোস্ট অফিস সূত্রে খবর, সময়মতো পার্সেল ডেলিভারি করতে বিমান পরিবহনকে কাজে লাগিয়ে এই ডেলিভারি করবে ভারতীয় ডাক বিভাগ।
কোন পরিষেবায় কতদিন সময় লাগবে?
চিফ পোস্টমাস্টার জেনারেল গণেশ ভি. সাওয়ালেশ্বরকার জানিয়েছেন, এই পরিষেবাগুলির সবচেয়ে বড় সুবিধা হল, রবিবার ও অন্য ছুটির দিনেও ডেলিভারি করা যাবে। ২৪ স্পিড পোস্ট-এর আওতায় পরের দিনের মধ্যে ডেলিভারি কনফার্ম করা হচ্ছে। তবে আপাতত এই পরিষেবা শুধুমাত্র ৫০ গ্রামের কম সামগ্রী, যেমন নথি পাঠানোর জন্যই সীমাবদ্ধ।
কত টাকা খরচ?
হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ৫০ গ্রাম পর্যন্ত নথি পাঠাতে হলে সর্বনিম্ন ৩৮ টাকা খরচ পড়বে। পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, নির্ধারিত ডেলিভারির দিন (D+1) অনুযায়ী ডেলিভারি না হলে ক্ষতিপূরণ হিসেবে সম্পূর্ণ খরচ ফেরত দেওয়া হবে। ৭ দিনের মধ্যে টাকা রিফান্ডের ক্লেইম করতে পারবেন গ্রাহক।