
আজকাল নয়ডা, দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহরে দেখা যাচ্ছে এক অদ্ভুদ প্রবণতা। কোটি কোটি টাকার ফ্ল্যাটও দেখা যাচ্ছে বিক্রি শুরুর প্রথম দিনেই Sold Out হয়ে যায়। এখন প্রশ্ন উঠছে এমন বিলাসবহুল, এত দামি ফ্ল্যাটগুলি কিনছেন কারা? সত্য়িই কি এত দামি দামি ফ্ল্যাটগুলি প্রথম দিনেই বিক্রি হয়ে যায়? নাকি এর পিছনে রয়েছে বিজ্ঞাপনী প্রচার কৌশল?
আজ তক রেডিওর 'প্রপার্টি সে ফায়দা' অনুষ্ঠানে রিয়েল এস্টেট বিশেষজ্ঞ সৌরভ শর্মা এই 'Day 1 Sold Out'-এর পিছনে থাকা আসল রহস্যটি খোলসা করেছেন।
সৌরভ জানিয়েছেন, 'Sold Out' কথার অর্থ ১০০ শতাংশ বিক্রি হয়ে গিয়েছে এমন নয়, বরং এটি আসলে একটি প্রচারের অংশ। নিয়ম অনুসারে, কোনও কনস্ট্রাকশন বা প্রজেক্ট যেদিন RERA লাইসেন্স পায়, সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করা যেতে পারে। তবে এর প্রস্তুতি তিন থেকে চার মাস আগে থেকেই শুরু হয়ে যায়।
ডেভেলপাররা কোনও প্রজেক্ট চালু হওয়ার কয়েক মাস আগেই নিজেদের ব্রোকার এবং চ্যানেল পার্টনারদের কাছে প্রাথমিক তথ্য দিয়ে দেয়। ব্রোকাররা আবার তাঁদের ক্লায়েন্টদের জানিয়ে দেয় বড় ব্র্যান্ড প্রজেক্ট নিয়ে আসছে। এক্ষেত্রে কাস্টমার আগ্রহ দেখালে একটি টোকেন অ্যামাউন্ট জমা দিতে বলা হয়।
সত্যিই কি একদিনে সব 'Sold Out' হয়ে যায়?
সৌরভ জানান যেদিন RERA লাইসেন্স আসে, সেদিনই ওই টোকেন দেওয়া ২০০-৩০০ জন সম্ভাব্য ক্রেতাকে একসঙ্গে ডাকা হয়। এরপর অফিসিয়াল ভাবে কাগজপত্রের কাজ মিটিয়ে নেওয়া হয়। নিয়মমাফিক, লেনদেনটি একদিনেই হল, কিন্তু সেই ক্রেতাকে পেতে কয়েক মাসের কঠোর পরিশ্রম করতে হয় ব্রোকারদের। খবরের কাগজে বা বিজ্ঞাপনে এটিকে '1st Day Sold Out' হিসেবে দেখিয়েই প্রচার করা হয়। কারণ এরফলে ব্র্যান্ডের ভ্যালু আরও বেড়ে যায়।
কেন মানুষ আজকাল ১০ কোটি, ২০ কোটি, ৫০ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন?
মানুষ কেন ৫০ কোটি টাকার ফ্ল্যাট কেনে? এটা কি শুধু লোক দেখানোর জন্য? সৌরভের মতে, এর পেছনে রয়েছে একটি ‘ভালো পরিবেশ’ পাওয়ার আকাঙ্ক্ষা। ধনী ক্রেতারা এমন জায়গায় থাকতে চান যেখানে তাঁদের প্রতিবেশীরা একই অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার অধিকারী। সাধারণ কলোনিগুলোতে পার্কিং, শব্দদূষণ বা ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হয়। যে ব্যক্তি ৫০-১০০ কোটি টাকা খরচ করেন, তিনি শান্তি এবং একটি অভিজাত লাইফস্টাইল কেনেন।"