
ভারতে নয়া শ্রম আইন লাগু হয়ে গিয়েছে। আর তাতে এসেছে একাধিক বদল। বিশেষত, কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই একাধিক পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এই যেমন এখন থেকে আর ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। বরং মাত্র দুই দিনের মধ্যেই হয়ে যাবে FNF। অর্থাৎ আপনি দ্রুত সংস্থার থেকে পাওনা টাকা পেয়ে যাবেন।
মাথায় রাখতে হবে, এতদিন ফুল অ্যান্ড ফাইনাল সেটেলেমন্ট হতে মোটামুটি ৪০ থেকে ৪৫ দিন লেগে যেত। তার ফলে বিরাট সমস্যায় পড়তেন কর্মীরা। খরচ সামলাতে বড় জটিলতা তৈরি হতো। যদিও সেই সমস্যা সমাধানেই এগিয়ে এল সরকার। তাদের পক্ষ থেকে দাবি, এখন থেকে মাত্র ২ দিনেই ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করা সম্ভব হবে। আপনাকে আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না।
নতুন নিয়মটা কী?
এই নতুন নিয়মটা ১ এপ্রিল ২০২৬ লাগু করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে যে কোনও সংস্থাকে মাত্র দুই দিনের মধ্যেই বকেয়া পাওনা দিতে হবে। করে ফেলতে হবে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট।
এই নিয়মটা লাগু করা হয়েছে ২০১৯ সালের কোড অব ওয়েজেস-এর অধীনে। এই নতুন আইনের অধীনে কোনও কর্মী চাকরি ছাড়লে, তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলে বা সংস্থা বন্ধ হয়ে গেলে, মাত্র ২ দিনের মধ্যেই সব ক্লিয়ার করে দিতে হবে। আগে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে ৪০ থেকে ৪৫ দিন লাগত।
ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট কী?
চাকরি ছাড়ার পরও সংস্থার থেকে অনেক পাওনা থেকে যায় কর্মীর। মাইনে ছাড়াও নানা অ্যালাউন্স বা অন্যান্য টাকা কর্মী পেয়ে থাকেন। এটাকেই বলা হয় ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। আগে এই সেটেলেমেন্ট হতে মোটামুটি ৪০ থেকে ৪৫ দিন লেগে যেত। তবে এখন থেকে মাত্র ২ দিনেই পাওয়া যাবে এই টাকা।
কী কী পাওয়া যায় FNF-এ?
১. শেষ মাসে যতদিন কাজ করেছেন তার স্যালারি
২. ছুটির টাকা
৩. পারফর্ম্যান্স বোনাস বা ইনসেন্টিভ
৪. অফিসের কাজে গিয়ে খরচ হওয়া টাকার রিইমবার্শমেন্ট
৫. এছাড়া অফিসের যদি কোনও টাকা পাওনা থাকে, সেটাও কেটে নেওয়া হয়
গ্র্যাচুইটি কখন পাওয়া যায়?
নতুন শ্রম আইনে গ্র্যাচুইটির নিয়মে বিরাট বদল এসেছে। এক্ষেত্রে এক বছর সার্ভিসের পরই মিলবে এই টাকা। এই টাকা সংস্থাকে চাকরি থেকে ছাড়ার ৩০ দিনের মধ্যেই দিতে হবে জানিয়েছে সরকার।