
প্রত্যেক ব্যক্তিই নিজের আয়ের কিছু অংশ সঞ্চয় করে এমন জায়গায় বিনিয়োগ করতে চায়, যেখানে তাদের টাকা শুধু নিরাপদই নয়, বরং ভালো লাভও দেবে। এক্ষেত্রে, পোস্ট অফিসের সরকারি স্কিমগুলো বেশ জনপ্রিয়। সবচেয়ে বড় সুবিধা হল, সরকার নিজেই এক্ষেত্রে বিনিয়োগের নিরাপত্তা দেয়। আবার ৭-৮%-এর বেশি আকর্ষণীয় সুদের হারও অফার করে। এবার পোস্ট অফিসের সেরা ৩টি স্কিমের বিষয়ে জেনে নেওয়া যাক।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC)
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে সরকারের তরফে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হয়। ২০২৩ সাল থেকে শুধুমাত্র মহিলাদের জন্যই এই স্কিমটি চালু করা হয়েছে। দুই বছরের মেয়াদসহ এই সরকারি স্কিমে মাত্র ১,০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আংশিক টাকা তোলার সুবিধাও রয়েছে। আবার অ্যাকাউন্ট খোলার এক বছর পর জমার ৪০% পর্যন্ত অর্থ তোলা যায়। প্রয়োজনে শর্ত সাপেক্ষে ছয় মাস পর অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)
পোস্ট অফিসের এই স্কিমটি সবচেয়ে জনপ্রিয়। বিশেষত কন্যা সন্তান থাকলে এই স্কিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরকারি প্রকল্পে বিনিয়োগ করে, অভিভাবকরা তাদের মেয়ের জন্ম থেকে শুরু করে তার শিক্ষা ও বিয়ে পর্যন্ত ফান্ড জমা করতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় ১০ বছরের কম বয়সী মেয়ের নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়। সরকার এই স্কিমে ৮.২ শতাংশ সুদ দেয়। এই স্কিমে সর্বোচ্চ বার্ষিক বিনিয়োগের সীমা হল ১.৫ লক্ষ টাকা। ১৫ বছর পর্যন্ত এই স্কিমে টাকা রাখা যায় এবং ৬ বছরের লক-ইন পিরিয়ডের পরে, মেয়াদপূর্তি পর্যন্ত সুদ জমা হতে থাকে। এই সর্বোচ্চ বার্ষিক বিনিয়োগের মাধ্যমে মেয়ের জন্য ৬৯,২৭,৫৭৮ টাকা জমা করা সম্ভব। পাশাপাশি, এই স্কিমের আওতায় আয়কর ছাড়ও পাওয়া যায়।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)
পোস্ট অফিসের আরেকটি চমৎকার স্কিম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে এককালীন বিনিয়োগ করার পর ঠিক পরের মাস থেকেই সুদ জমা হতে শুরু করে। সরকার এতে ৭.৪ শতাংশ হারে বার্ষিক সুদ দেয়। ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এই স্কিমের আওতায় সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা হয়, তবে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। ফলে প্রতি মাসে সুদ হিসাবে ৫৫০০ টাকা আয় করতে পারেন। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ সীমা হল ১৫ লক্ষ টাকা। প্রতি মাসে এই স্কিমের আওতায় ৯,২৫০ টাকার নিশ্চিত আয় করতে পারেন।